জৈন্তাপুরে বিজিবির ওপর হামলার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫/৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি জৈন্তাপুর মডেল থানায় দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার সকাল ৭টার দিকে জৈন্তাপুর সীমান্তের ১২৮৮ পিলার সংলগ্ন টিপরাখলা (ঘুড়িমারা) এলাকায়, সীমান্তের প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জৈন্তাপুর রাজবাড়ী বিওপির একটি টহল দল ভারতীয় ৬টি গরু আটক করে। গরুগুলো বিওপিতে নেওয়ার সময় চোরাকারবারিদের একটি সংঘবদ্ধ চক্র রাস্তা অবরোধ করে সরকারি কাজে বাধা দেয় এবং বিজিবির টহল দলের ওপর হামলা চালায়।
এ ঘটনায় বিজিবির সদস্য ল্যান্স নায়েক মো. ওমর ফারুক আহত হন।
ঘটনার পর জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর রাজবাড়ী বিওপির হাবিলদার কামাল হোসেন বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৮, তারিখ: ২১-০১-২০২৬)।
জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান জানান,অভিযোগটি প্রাথমিক তদন্ত শেষে মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং আসামি গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
জৈন্তাপুর প্রতিনিধি 








