সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের ৪জনকে ভ্রাম্যমান আদালত গ্রেপ্তার করে। অপরজনকে গ্রেপ্তার করে থানাপুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ। তারা জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলা অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, ধলাই নদীর রোপওয়ে বাংকার, সাদাপাথর ও ধলাই সেতু এলাকা থেকে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় বালু পাথর উত্তোলনের সাথে জড়িত থাকায় ৪ জনকে আটক করা হয়। তারা হলেন উপজেলার কালাইরাগ গ্রামের মৃত ফারুক মিয়ার ছেলে আনোয়ার হোসেন আবুল, পুরান বালুচর গ্রামের রসিদ মিয়ার ছেলে মো. সোহেল মিয়া, আব্দুস সালামের ছেলে মো. কামাল হোসেন ও গাছঘর গ্রামের আমির আলীর ছেলে মো. লাল মিয়া।
তাদের মধ্যে আনোয়ার হোসেন আবুলকে ১ বছর ও বাকিদের ৬ মাস করে কারাদন্ডাদেশ দেওয়া হয়। পুলিশের অন্য একটি অভিযানে উপজেলার বতুমারা এলাকা থেকে সাড়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত কমর উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বতুমারা গ্রামের সমছুদ্দিন ওরফে সমছুর ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, মাদক সন্ত্রাস চুরিসহ সব ধরনের অপরাধ নির্মূলে সর্বদা তৎপর রয়েছে থানা পুলিশ। অভিযানে আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া জানান, অবৈধ বালুপাথর উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। আমরা জড়িতদের আইনের আওতায় নিয়ে আসছি।
আজকেরসিলেট/এএসআর
আজকের সিলেট ডেস্ক 








