দেড় বছরে হবিগঞ্জসহ সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ৩৬টি আগ্নেয়াস্ত্র, ৭৪টি এয়ারগান এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়ছে।
সর্বশেষ গত শুক্রবার রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর এলাকায় অভিযান চালিয়ে একটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
র্যাব জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে হলুদ রঙের প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এটি নাশকতার উদ্দেশ্যে ব্যবহার হতে পারত।
প্রসঙ্গত, ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের দিন বানিয়াচং থানার সামনে গুলিতে নয়জন আন্দোলনকারী নিহত হন। ওই সময় থানায় অগ্নিসংযোগের ঘটনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট হয়।
র্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে গত ১ বছর ৫ মাস ১৮ দিনে র্যাব-৯-এর দায়িত্বপূর্ণ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ৩৬টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, পাঁচটি ম্যাগাজিন, ছয় হাজার ৩৩০ গ্রাম বিস্ফোরক, ৩৮টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রল বোমা এবং বিপুল পরিমাণ গুলিসহ ৭৪টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
নিউজ ডেস্ক 








