দেশবাসীকে ট্রফি উৎসর্গ করলেন সাবিনা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২৫ AM

দেশবাসীকে ট্রফি উৎসর্গ করলেন সাবিনা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৬ ০৯:৫০:৩৭ AM

দেশবাসীকে ট্রফি উৎসর্গ করলেন সাবিনা


প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটসাল দল। থাইল্যান্ড থেকে ঢাকায় ফেরার পর সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিলে বাফুফে আয়োজিত সংবর্ধনায় অংশ নেন চ্যাম্পিয়ন ফুটসাল দলের সদস্যরা। সেখানে সমর্থকদের উদ্দেশে ট্রফি উৎসর্গ করেন অধিনায়ক সাবিনা খাতুন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দর থেকে আগে থেকেই প্রস্তুত রাখা ছাদখোলা বাসে করে দলকে নেওয়া হয় হাতিরঝিলে। সেখানে এম্পিথিয়েটারে সাজানো মঞ্চে রাত ৯টার একটু পর একে একে ওঠেন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা।

দলের ১৩ জন সদস্য মঞ্চে উপস্থিত হলেও অধিনায়ক সাবিনা তখনও মঞ্চে ওঠেননি। অনুষ্ঠান সঞ্চালকের অনুরোধে দর্শকরা সমস্বরে ‘সাবিনা, সাবিনা’ বলে ডাকতে থাকেন। পরে মূল ফটক দিয়ে ট্রফি হাতে মঞ্চে ওঠেন অধিনায়ক। দর্শকদের করতালি ও উল্লাসে মুহূর্তটি হয়ে ওঠে উৎসবমুখর।

মঞ্চে উঠে সাবিনা বলেন, সবার প্রতি কৃতজ্ঞতা। আপনাদের জন্যই এই অর্জন, এটা আপনাদের উৎসর্গ করতে চাই… দেশের সমর্থকেরা যেভাবে সাপোর্ট করেন তাদের জন্য এই ট্রফি উৎসর্গ করছি।

তিনি বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, ফুটসাল টিম ম্যানেজার, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

সাত দেশের অংশগ্রহণে লিগ পদ্ধতিতে আয়োজিত টুর্নামেন্টে বাংলাদেশ ৬ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। দলটি ৫টি ম্যাচ জিতে এবং একটি ম্যাচ ড্র করে শিরোপা নিশ্চিত করে। শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। ১১ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় ভুটান।

বাংলাদেশের ইরানি হেড কোচ সাইদ খোদারাহমি বলেন, বাংলাদেশের মানুষের সমর্থনে তিনি আনন্দিত। তার ভাষায়, বাংলাদেশে ফুটসালের নতুন যাত্রা মাত্র কয়েক মাসের, তবে এভাবেই সাফল্য আসতে থাকবে।

ফুটসাল চেয়ারম্যান ও টিম ম্যানেজার ইমরানুর রহমান জানান, স্বল্প সময়ের প্রস্তুতিতেই মেয়েরা ট্রফি এনে দিয়েছে সব কৃতিত্ব খেলোয়াড়দের।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সহ ফেডারেশনের একাধিক কর্মকর্তা। নারী ফুটসালের এই সাফল্যে স্পন্সর ও সমর্থকদের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। সাবিনাকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে তাবিথ বলেন, সাবিনা দুই ভিন্ন ইভেন্টে একাধিকবার সাফ জেতা বাংলাদেশের ব্যতিক্রমী ক্রীড়াবিদ।

এদিকে সংবর্ধনা আয়োজন হলেও আজকের অনুষ্ঠানে বাফুফের পক্ষ থেকে কোনো আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়নি। সরকারি পর্যায় থেকেও তেমন কোনো ঘোষণা আসেনি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর