রোনালদোর টানা দ্বিতীয় ম্যাচ বয়কট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ PM

রোনালদোর টানা দ্বিতীয় ম্যাচ বয়কট

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ১০:৪১:৪০ AM

রোনালদোর টানা দ্বিতীয় ম্যাচ বয়কট


সৌদি প্রো লিগে টানা দ্বিতীয় ম্যাচ বয়কট করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। লিগের সঙ্গে চলমান বিরোধে শুক্রবার রাতে আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে ছিলেন না ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা। এর আগে সোমবার আল রিয়াদের বিপক্ষেও ম্যাচ বয়কট করেছিলেন রোনালদো। 

ইএসপিএন জানায়, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) আল নাসরের ব্যবস্থাপনায় পরিবর্তনের নিশ্চয়তা না দেওয়ায় শুক্রবারের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেন রোনালদো।  যদিও ম্যাচের আগে আল নাসর কর্তৃপক্ষ আশা করেছিল, তিনি খেলবেন। 

জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ক্লাবকে যথেষ্ট আর্থিক সহায়তা না দেওয়ায় পিআইএফের ওপর ক্ষুব্ধ রোনালদো। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী আল হিলালের দলে করিম বেনজেমার যোগ দেওয়াই রোনালদোর অসন্তোষের বড় কারণ। 

রোনালদোকে ছাড়া আল নাসর শুক্রবার রাতে ২-০ গোলের জয় পায় আল ইত্তিহাদের বিপক্ষে। ম্যাচের শেষ দিকে দুই গোল করে দলকে জয় এনে দেন সাদিও মানে ও অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। 

ম্যাচ চলাকালে আল নাসরের সমর্থকরা রোনালদোর প্রতি সমর্থন জানায়। খেলার সপ্তম মিনিটে তারা হলুদ রঙের প্ল্যাকার্ড তুলে ধরে, যেখানে লেখা ছিল রোনালদোর নাম ও তাঁর জার্সি নম্বর ৭। 

চলতি মৌসুমে ২০ ম্যাচ শেষে ৪৯ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর। শীর্ষে থাকা আল হিলালের চেয়ে তাদের পয়েন্ট ব্যবধান মাত্র এক।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর