বিপর্যয় সামলে সূর্যের ব্যাটে ভারতের প্রথম জয়
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ AM

বিপর্যয় সামলে সূর্যের ব্যাটে ভারতের প্রথম জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৮/০২/২০২৬ ০৮:৩১:২৩ AM

বিপর্যয় সামলে সূর্যের ব্যাটে ভারতের প্রথম জয়


বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় ধাক্কা এড়াল ভারত। ‘সহযোগী’ দলের সামনে এক সময় এলোমেলো হয়ে পড়া ভারতীয় ব্যাটিং লাইনআপকে উদ্ধার করেন সূর্যকুমার যাদব। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের পর বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ২৯ রানের জয় পায় স্বাগতিকরা।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। ওপেনার অভিষেক শর্মা গোল্ডেন ডাকে ফেরেন। ষষ্ঠ ওভারে শ্যাডলি ভ্যান শালকউইকের তোপে পড়ে ভারত। ওই ওভারে তিন উইকেট তুলে নেন এই ডানহাতি পেসার। ইশান কিষান ১৬ বলে ২০ রান করে আউট হন। তিলক ভার্মা ১৬ বলে করেন ২৫ রান। শিভাম দুবের বিদায় ঘটে গোল্ডেন ডাকে।

এক রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। পরে রিঙ্কু সিং (৬) ও হার্দিক পান্ডিয়া (৫) দ্রুত ফিরে গেলে স্কোর দাঁড়ায় ৭৭ রানে ৬ উইকেট। সেখান থেকেই দলের ত্রাতার ভূমিকায় সূর্যকুমার। একপ্রান্ত আগলে রেখে ইনিংস গড়ে তোলেন ভারতের এই অধিনায়ক।

শেষ দুই ওভারে যুক্তরাষ্ট্রের বোলারদের ওপর চড়াও হয়ে দলের স্কোর বাড়ান সূর্যকুমার। ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংসটি সাজান ১০টি চার ও ৪টি ছক্কায়। তাঁর ব্যাটে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৬১ রান।

যুক্তরাষ্ট্রের হয়ে শ্যাডলি ভ্যান শালকউইক ২৫ রান দিয়ে নেন চার উইকেট। এছাড়া হরমিত সিং নেন দুটি উইকেট। একটি করে উইকেট পান আলী খান ও মোহাম্মদ মহসিন।

জবাবে খেলতে নেমে শুরুতেই ভারতীয় পেস আক্রমণের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। পাওয়ার প্লেতেই তারা হারায় ৩১ রানে তিন উইকেট। অর্শদীপ সিং ও মোহাম্মদ সিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে।

মিডল অর্ডারে সঞ্জয় কৃষ্ণমূর্তি ও শুভম রঞ্জন দুজনই করেন ৩৭ রান করে। মিলিন্দ কুমারের ব্যাট থেকে আসে ৩৪ রান। তবে এর বাইরে কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানেই থামে যুক্তরাষ্ট্র।

ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মোহাম্মদ সিরাজ। ২৯ রান খরচায় নেন তিন উইকেট। অর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল নেন দুটি করে উইকেট। একটি উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর