জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরখাস্ত
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৯ PM

জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ০৪:৫৪:৫৮ AM

জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরখাস্ত


প্রথম সফরে সিলেট এসেই এ্যাকশনে গেলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। জৈন্তাপুর উপজেলা সফরকালে কর্মস্থলে উপস্থিত না পেয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থকে বরখাস্ত করেছেন তিনি।

বুধবার সকালে দু’দিনের সরকারি সফরে স্বাস্থ্যমন্ত্রী সিলেটে পৌঁছেই জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে গিয়ে মন্ত্রী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থকে অফিসে না পেয়ে তাৎক্ষণিক তাকে বরখাস্তের (সাময়িক) নির্দেশ দেন।

পরিদর্শন শেষে ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন- জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা খুব একটি ভালো না। এখানে জনবল সংকট। ভবনটির সংস্কারও প্রয়োজন। সেখানে ডাক্তারদের উপস্থিতি কম থাকায় তাদেরকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সেখানের পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে না পাওয়ায় তাকে সাসপেন্ড (বরখাস্ত) করা হয়েছে।

বরখাস্তের বিষয়ে জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ বলেন- আমি অফিসিয়াল কাজেই বাইরে ছিলাম। স্যার  আসার খবরে আমি তড়িঘরি করে অফিসে ছুটে আসি। কিন্তু আমি আসার আগেই স্যার এসে পড়েছিলেন, তাই আমাকে অফিসে না পেয়ে এমন নির্দেশ দিয়েছেন। তবে স্যারের সঙ্গে আমার দেখা হয়েছে।

এদিকে, জৈন্তাপুর থেকে ফিরে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা আশানুরূপ ভালো। সিলেট আমার জন্মভূমি। সিলেটের বিশ্বনাথে আমরা বাবা-মার বাড়ি। এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

আজকের সিলেট /স্টাফ/বার্তা/ কে.আর

সিলেটজুড়ে


মহানগর