আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘এ’ পর্বে দাপুটে এক জয় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচে নেদারল্যান্ডসকে ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে আমেরিকানরা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান তোলে যুক্তরাষ্ট্র। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন সাইতেজা মুক্কামাল্লা। ৫১ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকান।
শেষ দিকে ঝড় তোলেন শুভম রঞ্জনে। ২৪ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ২২ বলে ৩৬ এবং শায়ান জাহাঙ্গীর ১৪ বলে ২০ রান যোগ করে দলকে বড় সংগ্রহ এনে দেন।
১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় নেদারল্যান্ডস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ম্যাচে ফিরতে পারেনি। ওপেনার মাইকেল লেভিট ৩ ও ম্যাক্স ও’ডাউড ১৩ রান করে ফিরলে ধাক্কা খায় ডাচরা। বাস ডে লিডে ২৩ ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস ২০ রান করলেও বড় জুটি গড়া হয়নি। শেষ পর্যন্ত ১৫.৫ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস।
বল হাতে যুক্তরাষ্ট্রের বোলাররা ছিলেন দুর্দান্ত। হারমিত সিং একাই ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ডাচদের মিডল অর্ডার ভেঙে দেন। পাশাপাশি অন্য বোলাররাও নিয়ন্ত্রিত বোলিং করে রান তাড়ার চাপ বাড়াতে থাকেন।
৯৩ রানের বিশাল জয় যুক্তরাষ্ট্রকে শুধু দুই পয়েন্টই দেয়নি, নেট রান রেটেও বড় সুবিধা এনে দিয়েছে। অন্যদিকে নেদারল্যান্ডস ধুঁকছে ব্যাটিং ব্যর্থতায়।
আজকের সিলেট/ডি/এসটি
ক্রীড়া ডেস্ক 








