মধ্যনগরে ইউপি চেয়ারম্যান ও তিন সদস্য বরখাস্ত
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৬ PM

সুনামগঞ্জে বহুল আলোচিত সুজন হত্যা মামলা আপসের চেষ্টা

মধ্যনগরে ইউপি চেয়ারম্যান ও তিন সদস্য বরখাস্ত

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ০৯:৩১:১৭ AM

মধ্যনগরে ইউপি চেয়ারম্যান ও তিন সদস্য বরখাস্ত


বহুল আলোচিত সুজন হত্যা মামলা আপসের চেষ্টা করায় সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন- মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য প্রাণ গোপাল চৌধুরী, ৪নং ওয়ার্ড সদস্য সুমন চন্দ্র বর্মণ এবং একই উপজেলার চামারদানি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম নুরু।

গত মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ কে এম আনিসুজ্জামানের স্বাক্ষরিত পত্রে এ আদেশ দেওয়া হয়।

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দেওয়া পত্রে উল্লেখ করা হয়- সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য প্রাণ গোপাল চৌধুরী, ৪নং ওয়ার্ড সদস্য সুমন চন্দ্র বর্মণ এবং একই উপজেলার চামারদানি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম নুরুর বিরুদ্ধে আপস অযোগ্য হত্যা মামলায় তাদের অফিসিয়াল সিল ও স্বাক্ষর দিয়ে হত্যাকাণ্ডের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় জেলা প্রশাসক সুনামগঞ্জের সুপারিশ মোতাবেক আপনাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪)(ক)(ঘ) ধারা অনুযায়ী কেন আপনাদের পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক সুনামগঞ্জের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণে নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে নির্দেশ প্রদান করা হলো।

এর আগে জেলা ও দায়রা জজ আদালত এ বিষয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে নির্দেশ প্রদান করা হয়।

বিষয়টি নিয়ে কথা বলতে অভিযুক্ত চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদারসহ তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্তের বিষয়ে একটি প্রজ্ঞাপন পেয়েছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

স্থানীয় সরকার বিভাগ সুনামগঞ্জের উপ-পরিচালক (ডিডিএলজি) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আমি ট্রেনিংয়ে ঢাকায় আছি। এই বিষয়টি খোঁজ নিয়ে দেখব।

আজকের সিলেট/ডিটি/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর