সিরিজ জয়ের চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪৪ AM

সিরিজ জয়ের চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩/০৩/২০২৬ ১২:০৩:০৯ PM

সিরিজ জয়ের চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ


প্রেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে সিরিজে দারুণ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর সোয়া দুইটায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

সিরিজের প্রথম ম্যাচে ব্যাট ও বল—দুই বিভাগেই দাপট দেখিয়ে ৮ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে দ্বিতীয় ম্যাচেও স্পষ্টেই এগিয়ে বাংলাদেশ। আজ জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে।

দ্বিতীয় ম্যাচের আগে বিশ্রামেই সময় কাটিয়েছে দুই দল। বাংলাদেশ ও পাকিস্তান—কেউই বৃহস্পতিবার অনুশীলনে নামেনি। টিম মিটিং ও কৌশলগত পরিকল্পনা নিয়েই ম্যাচের প্রস্তুতি নিয়েছে উভয় দল। প্রথম ম্যাচে বড় জয় পাওয়ায় স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী বাংলাদেশ চাইবে দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শুরুটা নিয়ে সন্তুষ্ট।

তিনি বলেন, ‘এটা ছিল দুর্দান্ত শুরু। অনেকদিন পর আমরা ওয়ানডে ম্যাচ খেলেছি। পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জিং ছিল, তবে সবাই ভালোভাবে মানিয়ে নিয়েছে। আশা করি খেলোয়াড়দের কঠোর পরিশ্রমে আমরা সিরিজ জিততে পারব। বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।

প্রথম ম্যাচ জয়ে আমরা আত্মবিশ্বাসী, তবে সামনে আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে।’

অন্যদিকে বাংলাদেশ সফরে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে তরুণদের সুযোগ দিয়েছে পাকিস্তান। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা। তবে প্রথম ম্যাচে অনভিজ্ঞতার ছাপ স্পষ্ট ছিল পাকিস্তানের পারফরম্যান্সে।

তাই দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া সফরকারীরা। পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, ‘আমরা যেভাবে সিরিজ শুরু করতে চেয়েছিলাম, সেভাবে পারিনি। তবে এখনো দুটি ম্যাচ বাকি আছে এবং আমরা সিরিজে সমতা ফেরাতে আত্মবিশ্বাসী। এটি তরুণ দল এবং আমি শেষ পর্যন্ত তাদের সমর্থন করব। আমাদের পারস্পরিক বোঝাপড়া আরও বাড়াতে হবে। ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং ও বোলিং—দুই ক্ষেত্রেই সমন্বয় খুব গুরুত্বপূর্ণ।’

পাকিস্তানের লক্ষ্য থাকবে সিরিজের শেষ ম্যাচটিকে অলিখিত ফাইনালে রূপ দেওয়া। সেই সমীকরণ মিলাতে হলে শুক্রবারের (আজ) ম্যাচে সফরকারীদের জন্য জয়ের বিকল্প নেই। অন্যদিকে বাংলাদেশ চাইবে এই ম্যাচ জিতেই সিরিজের ভাগ্য নির্ধারণ করে ফেলতে। এখন দেখার অপেক্ষা মাঠে নিজেদের পরিকল্পনা, কে কতটা বাস্তবায়ন করতে পারে!

আজকের সিলেট/বিএন/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর