মিরাজ-সালমান রান আউট বিতর্কে মুশতাকের ব্যাখ্যা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫০ PM

মিরাজ-সালমান রান আউট বিতর্কে মুশতাকের ব্যাখ্যা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪/০৩/২০২৬ ১১:৫১:১৭ AM

মিরাজ-সালমান রান আউট বিতর্কে মুশতাকের ব্যাখ্যা


পাকিস্তানকে হারিয়ে সিরিজে দারুণ শুরু করলেও দ্বিতীয় ওয়ানডেতে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে পাকিস্তান অধিনায়ক সালমান আগার সেই বিতর্কিত রান আউট ঘিরে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন বাংলাদেশের বোলিং কোচ ও পাকিস্তানের সাবেক লেগস্পিনার মুশতাক আহমেদ। তার মতে, পুরো ঘটনাটিতে মেহেদী হাসান মিরাজ বা সালমান কাউকেই দোষারোপ করার সুযোগ নেই।

ম্যাচের ৩৯তম ওভারে ঘটে এ ঘটনা। নিজের দশম ওভারের চতুর্থ বলটি খেলেন মোহাম্মদ রিজওয়ান। বলটি ধীরে মিরাজের দিকে ফিরছিল। এসময় নন-স্ট্রাইক প্রান্ত থেকে এগিয়ে আসা সালমান আগা বলটি তুলে মিরাজকে দিতে চেয়েছিলেন।

কিন্তু মিরাজ দ্রুত বল কুড়িয়ে স্টাম্প ভেঙে দেন। তখন ক্রিজের বাইরে থাকায় তৃতীয় আম্পায়ার সালমানকে রান আউট ঘোষণা করেন। সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে মাঠ ছাড়েন পাকিস্তান অধিনায়ক।

ঘটনাটি নিয়ে কথা বলতে গিয়ে মুশতাক বলেন, ‘এটা খুব দ্রুত হয়ে গেছে আসলে। আমরাও বুঝতে পারছিলাম না যে কী হয়ে গেল।’

সালমানের আচরণকে সরলতার উদাহরণ হিসেবেও দেখেন তিনি।

মুশতাক বলেন, ‘আমার মনে হয়, মিরাজ ভেবেছে সালমান ক্রিজের বাইরে আছে আর সে বল আটকানোর চেষ্টা করছিল। মিরাজের পায়ের দিকেই বল আসছিল। তখন আবার সালমান ভাবছিল মিরাজকে সহায়তা করবে, বল তুলে মিরাজকে দেবে।’

নিয়ম অনুযায়ী আউটের সিদ্ধান্ত সঠিক ছিল বলেও মত দেন এই পাকিস্তানি কোচ।

তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা স্বাভাবিক এক ঘটনা– বল তুলে রান আউটের চেষ্টা করা। কারণ সালমান তো ক্রিজের বাইরে ছিল। কেউই আসলে ভুল ছিল না। সালমান তাকে সহায়তা করতে চেয়েছে আর মিরাজ ম্যাচে ডুবে থেকে রান আউট আদায় করে নিতে চেয়েছিল।’

মিরাজের সিদ্ধান্তকে সমর্থন করে মুশতাক আরও বলেন, ‘বল তখনো খেলায় ছিল। আগা ক্রিজের বাইরে ছিল। যখন আপনি বল তুলে নেবেন, রান আউটের চেষ্টা তো করবেনই। সালমান ক্রিজের অনেক বাইরে ছিল। সে আবার ভাবছিল বল ডেড। সে হয়ত দেখেনি যে, সে ক্রিজের এত বাইরে। বল মিরাজের পায়ে লেগেছে। মিরাজও নিশ্চিত ছিল না কি করছে, সে খেলায় মগ্ন ছিল। সত্যি বলতে মিরাজ কোনো ভুল করেনি। অবশ্যই মিরাজের যেটা করা উচিত ছিল, সেটাই করেছে।’

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর