বিশ্বকাপের স্বপ্নপূরণে যুদ্ধ ডিঙিয়ে মেক্সিকো যাচ্ছে ইরাক
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪৪ AM

বিশ্বকাপের স্বপ্নপূরণে যুদ্ধ ডিঙিয়ে মেক্সিকো যাচ্ছে ইরাক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫/০৩/২০২৬ ০১:০৬:৪৫ PM

বিশ্বকাপের স্বপ্নপূরণে যুদ্ধ ডিঙিয়ে মেক্সিকো যাচ্ছে ইরাক


মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট অনিশ্চয়তা কাটিয়ে ২০২৬ বিশ্বকাপের প্লে-অফ খেলতে মেক্সিকো যাচ্ছে ইরাক জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে ওই অঞ্চলের আকাশপথ বন্ধ থাকলেও বিশেষ বিমানে করে মেক্সিকো পৌঁছাবেন ফুটবলাররা।

অঞ্চলটির অস্থিতিশীল পরিস্থিতির কারণে দলের কোচ গ্রাহাম আরনল্ড ম্যাচটি স্থগিত করার আহ্বান জানিয়েছিলেন। তবে ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আদনান দিরজাল জানিয়েছেন, তারা ফিফার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং সাধারণ সম্পাদক মাত্তিয়াস গ্রাফস্ট্রম ইরাক দলের যাত্রাকে নির্বিঘ্ন করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ থাকায় সাধারণ বাণিজ্যিক ফ্লাইটে যাত্রা করা অসম্ভব হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহের শেষ দিকে একটি চার্টার্ড বিমানে করে ইরাক দল মেক্সিকোর উদ্দেশ্যে রওনা হবে। মেক্সিকোতে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভিসাও ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। ইউরোপে থাকা ইরাকি ফুটবলাররা সরাসরি মেক্সিকোতে দলের সঙ্গে যোগ দেবেন।

আগামী ৩১ মার্চ মেক্সিকোর মন্টেরিতে মহাদেশীয় প্লে-অফ ম্যাচে বলিভিয়া অথবা সুরিনামের মুখোমুখি হবে ইরাক। এই ম্যাচে জয়ী দল সরাসরি ২০২৬ বিশ্বকাপের টিকিট পাবে।

গত নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতকে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছিল ইরাক।
১৯৮৬ সালের পর এই প্রথম আবারও বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে তাদের সামনে।

আদনান দিরজাল এক ভিডিও বার্তায় ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের হাতে আর মাত্র ১৭ দিন সময় আছে। আমাদের একমাত্র লক্ষ্য বিশ্বকাপে কোয়ালিফাই করা। খেলোয়াড়রা যাতে কেবল মাঠের লড়াইয়ে মনোযোগ দিতে পারে, আমরা সেই পরিবেশ নিশ্চিত করছি।’

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর