সিলেট তামাবিল মহাসড়কে জৈন্তাপুর উপজেলায় পিকনিকের বাস ও পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পরশ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার সালিহর থানার রাসেল মিয়ার পুত্র। এঘটনায় আরো অন্তত ১০/১২ জন আহত হয়েছেন। এর মধ্যে জয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার বেলা ১টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় এদুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী পাথর বোঝাই একটি ট্রাক ( ঢাকা মেট্রো ট ১৬- ৫৯৪৮) হরিপুর গ্যাসফিল্ড সংলগ্ন উমনপুর এলাকায় এলে জাফলংগামী পিকনিকের যাত্রীবোঝাই বাস (ময়মনসিংহ ব ১১-০২৪৩) এর মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি ময়মনসিংহ গৌরিপুর থেকে সিলেটে এসেছিলো। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/এসএইচ/এসটি
নিজস্ব প্রতিবেদক 








