চেলসির আক্রমণাত্মক প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো, তবে গোলের সামনে ব্যর্থতায় শেষ পর্যন্ত বড় মূল্য দিতে হয়েছে তাদের। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজেই ৩-০ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই কার্যকর ফুটবল খেলেছে লুইস এনরিকের দল। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় তারা। ষষ্ঠ মিনিটে খাভিচা কাভারাৎস্খেলিয়ার গোলে এগিয়ে যাওয়ার পর ১৪তম মিনিটে ব্যবধান বাড়ান ব্র্যাডলি বারকোলা। দ্বিতীয়ার্ধে সেনি মায়ুলুর গোল নিশ্চিত করে পিএসজির বড় জয়।
এই জয়ে দুই লেগ মিলিয়ে চেলসিকে ৮-০ ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় ফরাসি ক্লাবটি। কোয়ার্টার-ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে গালাতাসারাই বা লিভারপুল।
ম্যাচের শুরুটা ইতিবাচক ছিল চেলসির। তবে প্রথম সুযোগেই গোল হজম করে চাপে পড়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সের বাইরে থেকে আসা একটি বল ঠিকভাবে ক্লিয়ার করতে না পেরে বিপদ ডেকে আনেন মামাদু সার। সেই সুযোগে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে কাভারাৎস্খেলিয়া দলকে এগিয়ে দেন।
এরপরও আক্রমণ চালিয়ে যায় চেলসি, কিন্তু কার্যকর ছিল পিএসজির রক্ষণ। উল্টো দ্রুত পাল্টা আক্রমণে দ্বিতীয় গোল তুলে নেয় অতিথিরা। আশরাফ হাকিমির পাস থেকে শক্তিশালী শটে লক্ষ্যভেদ করেন বারকোলা।
দুই লেগে বড় ব্যবধানে পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি চেলসি। প্রথমার্ধের বাকি সময়ে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে পারেনি তারা। পিএসজির গোলরক্ষক ও ডিফেন্স ছিল দৃঢ়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই চোটে পড়েন বারকোলা, তার জায়গায় নামেন দিজিরে দুয়ে। ম্যাচে পরিবর্তন আনতে কোচ গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড় কোল পামার, এনসো ফের্নান্দেস ও জোয়াও পেদ্রোকে তুলে নেন।
তবে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পিএসজির হাতেই। ৬২তম মিনিটে দারুণ ফিনিশিংয়ে তৃতীয় গোল করেন সেনি মায়ুলু। এতে দুই লেগ মিলিয়ে চেলসির বিপক্ষে পিএসজির গোলসংখ্যা দাঁড়ায় আটে।
শেষ দিকে ব্যবধান কমানোর চেষ্টা চালায় চেলসি। কিন্তু আলেহান্দ্রো গার্নাচো ও লিয়াম ডেলাপ একাধিক সুযোগ পেয়েও ব্যর্থ হন। নির্ধারিত সময় শেষে আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানেই ম্যাচ শেষ হয়।
একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে আর্সেনাল। এবেরেচি এজের চমৎকার গোলে এগিয়ে যাওয়ার পর, দারুণ নৈপুণ্যে ব্যবধান বাড়ান ডেক্লান রাইস। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল আর্সেনাল। প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।
আজকের সিলেট/ডি/এসটি
ক্রীড়া ডেস্ক 








