গোল উৎসব করে কোয়ার্টারে বার্সা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫০ AM

গোল উৎসব করে কোয়ার্টারে বার্সা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯/০৩/২০২৬ ১২:৪৯:০২ PM

গোল উৎসব করে কোয়ার্টারে বার্সা


উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগের রাতে দেখা গেল গোলের মহোৎসব। রাফিনিয়া ও লেভানদোভস্কির জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে চুরমার করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। একই রাতে ইতিহাস গড়ে শেষ আটে পা রেখেছে লিভারপুল ও বায়ার্ন মিউনিখ। তবে জয় পেয়েও বিদায় নিতে হয়েছে টটেনহ্যাম হটস্পারকে।

নিজেদের ঘরের মাঠ ক্যাম্প ন্যু পুনরায় খোলার পর সবচেয়ে বড় ম্যাচে নিউক্যাসলকে ৭-২ গোলে বিধ্বস্ত করেছে হান্সি ফ্রিকের বার্সেলোনা। প্রথমার্ধে ৩-২ গোলে এগিয়ে থাকা বার্সা দ্বিতীয় অর্ধে আরও ৪টি গোল করে। রাফিনহা ও লেভানদোভস্কি দুটি করে গোল করেন; এছাড়া জালের দেখা পান মার্ক বার্নাল, ফেরমিন লোপেজ এবং লামিন ইয়ামাল। দুই লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টারে উঠল কাতালানরা, যেখানে তাদের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ।

লিগ পর্বে ও প্রথম লেগের হারের প্রতিশোধ নিয়ে গালাতাসারাইকে ৪-০ গোলে হারিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে গোল করেছেন সোবোসলাই, একিতিকে, গ্রাভেনবার্খ ও মোহামেদ সালাহ। ৬২ মিনিটে বক্সের বাইরে থেকে ট্রেডমার্ক বাঁকানো শটে গোল করে প্রথম আফ্রিকান হিসেবে চ্যাম্পিয়নস লিগে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন ৩৩ বছর বয়সী সালাহ। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জিতে শেষ আটে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি-র মুখোমুখি হবে আর্নে স্লটের দল।

আলিয়াঞ্জ অ্যারেনায় আতালান্তাকে ৪-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করে অনন্য উচ্চতায় পৌঁছেছেন হ্যারি কেইন। মাত্র ৬৬ ম্যাচে ৫০ গোলের মাইলফলক ছুঁয়ে তিনি স্পর্শ করেছেন লিওনেল মেসির রেকর্ডকে। এই তালিকায় সবার উপরে আছেন আর্লিং হলান্ড (৪৯ ম্যাচ)। দুই লেগ মিলিয়ে ১০-২ ব্যবধানে জিতে কোয়ার্টারে রিয়াল মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বায়ার্ন।

ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েও শেষ রক্ষা হয়নি টটেনহ্যামের। জাভি সিমন্সের জোড়া গোল সত্ত্বেও দুই লেগ মিলিয়ে ৫-৭ ব্যবধানে পিছিয়ে থাকায় প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়েছে ইংলিশ ক্লাবটিকে। টটেনহ্যামের হয়ে অন্য গোলটি করেন কোলো মুয়ানি। অন্যদিকে, আতলেতিকোর হয়ে গোল করেন হুলিয়ান আলভারেজ ও ডেভিড হ্যাঙ্কো।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর