বর্ণবাদ ঠেকাতে ব্যর্থ, ইসরায়েল ফুটবল সংস্থাকে শাস্তি দিল ফিফা
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০৫ AM

বর্ণবাদ ঠেকাতে ব্যর্থ, ইসরায়েল ফুটবল সংস্থাকে শাস্তি দিল ফিফা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০/০৩/২০২৬ ১১:৪২:০৪ AM

বর্ণবাদ ঠেকাতে ব্যর্থ, ইসরায়েল ফুটবল সংস্থাকে শাস্তি দিল ফিফা


ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১ লাখ ৯০ হাজার ৭০০ ডলার) জরিমানা করেছে ফিফা। বৈষম্যবিরোধী নীতিমালা লঙ্ঘনের একাধিক ঘটনায় এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

বৃহস্পতিবার প্রকাশিত ফিফার শৃঙ্খলা কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বেইতার জেরুজালেম ক্লাবের ‘ধারাবাহিক ও সুপ্রতিষ্ঠিত বর্ণবাদী আচরণের’ বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে আইএফএ।

২০২৪ সালের অক্টোবরে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন বৈষম্যের অভিযোগ তুলে বিষয়টি ফিফার কাছে জানায়। এরপরই তদন্ত শুরু করে সংস্থাটি।

যদিও ফিলিস্তিন ফুটবল সংস্থা আইএফএকে স্থগিত করার দাবি জানিয়েছিল, সে পথে হাঁটেনি ফিফা। তবে দীর্ঘ সিদ্ধান্তে বলা হয়েছে, আইএফএ ফিফার ‘স্ট্যাটুটরি অবজেকটিভস’ বা সাংগঠনিক লক্ষ্য মেনে চলতে ব্যর্থ হয়েছে।

প্রতিবেদনে ইসরায়েলি ফুটবলে ঘটে যাওয়া একাধিক বর্ণবাদী ঘটনার উল্লেখ করা হয়। বিশেষ করে বেইতার জেরুজালেমের বিরুদ্ধে নেওয়া শাস্তিকে ‘অপর্যাপ্ত ও কার্যকর নয়’ বলে মন্তব্য করেছে শৃঙ্খলা কমিটি।

প্রতিবেদনে বলা হয়, ‘সমর্থকেরা ধারাবাহিক ও সুপ্রতিষ্ঠিত বর্ণবাদী আচরণে জড়িত ছিল।’আরও বলা হয়েছে, ‘ক্লাবটির “ফরএভার পিউর” স্লোগান ব্যবহার এবং আরব খেলোয়াড়দের উদ্দেশে বারবার “সন্ত্রাসী” শব্দ ব্যবহার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এটি একটি পদ্ধতিগত আচরণের অংশ, যা শালীনতার মৌলিক নিয়ম ভঙ্গ করে এবং ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।’

শৃঙ্খলা কমিটি আরও উল্লেখ করেছে, ‘এই ক্লাবটি আসলে আইএফএর সার্বিক ব্যর্থতার একটি ছোট উদাহরণ মাত্র।’

জরিমানার পাশাপাশি আইএফএকে সতর্কবার্তাও দিয়েছে ফিফা। পাশাপাশি তাদের পরবর্তী তিনটি ফিফা প্রতিযোগিতার ঘরের ম্যাচে ‘Football Unites the World – No to Discrimination’ বার্তাসংবলিত দৃশ্যমান ব্যানার প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া জরিমানার এক-তৃতীয়াংশ অর্থ বৈষম্যবিরোধী কার্যক্রম বাস্তবায়নে ব্যয় করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়।

অন্যদিকে, পৃথক এক তদন্তে দখলকৃত পশ্চিম তীরে অবস্থিত ইসরায়েলি ক্লাবগুলো দেশটির লিগে অংশ নিচ্ছে; এমন অভিযোগে আইএফএর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছে ফিফা।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর