বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যালের কার্যক্রম শুরু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারগুলো কার্যকর পরিচালনার জন্য এবং বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম আরম্ভে কার্যকর উদ্যোগ গ্রহণে একটি কমিটি গঠন করা হয়েছে।
এর আগেও বিভিন্ন সময়ে পেপ্যাল বাংলাদেশে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ বিষয়ে আগ্রহ দেখায় আন্তর্জাতিক এই সংস্থা।
মূলত ফ্রিল্যান্সার, ই-কমার্স উদ্যোক্তা এবং আইটি খাতকে সহজ লেনদেনের সুবিধায় আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন আহসান এইচ মনসুর। ওই সময় পেপ্যালের দক্ষিণ এশিয়া (সিঙ্গাপুর ভিত্তিক) টিম বাংলাদেশের ফ্রিল্যান্সার ও আইসিটি বিভাগের সঙ্গে বৈঠক করে।
আজকের সিলেট/এপি
আজকের সিলেট ডেস্ক 








