ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার থেকে খাদিমপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক পাকাকরণের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নিয়মবহির্ভূতভাবে কাজ করায় সড়কের স্থায়িত্ব নিয়ে স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন সড়কের যথাযথ এজিং না করেই রাস্তা খুঁড়ে সেই মাটি ও পুরাতন উপকরণ রেখেই কাজ চালানো হচ্ছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী মেকাডম (পাথরের বেস) না করে পুরাতন মেকাডমের ওপরই নতুন করে পাকা কাজ করা হচ্ছে। এতে করে সড়কটি অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ ছাড়া পাথরের সাথে নিম্নমানের পাথর ও বালু মিশিয়ে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। আরও গুরুতর অভিযোগ হিসেবে উঠে এসেছে, বিটুমিনের সাথে মোবিল মিশিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে, যা সম্পূর্ণ অনিয়ম এবং এতে সড়কের গুণগত মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে।
এ বিষয়ে ওসমানীনগর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ধরনের কথা আপনারা সাংবাদিক ছাড়া আর কেউ বলে না। ঠিকাদার কিছু অনিয়ম করতেই পারে, আমরা তো সব সময় সেখানে বসে থাকতে পারি না।
অন্যদিকে সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান বলেন, মেকাডম নির্ধারিত লেভেল অনুযায়ী করার নিয়ম রয়েছে। এখানে কারচুপির সুযোগ নেই। তবে বিটুমিন ব্যবহারের বিষয়টি আমরা খতিয়ে দেখবো।
এদিকে, এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে অনিয়মের অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সড়কের গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সচেতন মহল মনে করছে, যথাযথ তদারকি না থাকলে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি জনদুর্ভোগ আরও বাড়বে।
আজকের সিলেট/ডি/এসটি
ওসমানীনগর প্রতিনিধি 








