শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ ও ফলাফলের উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সমাবেশে। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান। সঞ্চালনা করেন সিনিয়র ইন্সট্রাক্টর (গণিত) মো. রসুল আমিন।
সমাবেশে বক্তব্য দেন বাংলা বিভাগের ইন্সট্রাক্টর কৌশিক বনিক, পদার্থবিজ্ঞান বিভাগের ইন্সট্রাক্টর মাহফুজুর রহমান, জুনিয়র ওয়েল্ডিং ইন্সট্রাক্টর ওয়াসিম আকরাম এবং অভিভাবক শেফালি বেগম, সফিকুল ইসলাম, আব্দুল হাই বিলাত ও আনোয়ার হোসেন প্রমুখ।
আলোচনায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বাড়ানো, পরীক্ষায় ভালো ফলাফল অর্জন এবং নৈতিক মূল্যবোধ গঠনের বিষয়গুলো গুরুত্ব পায়। শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর ওপর জোর দেন বক্তারা।
তাঁরা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তোলার দায়িত্ব শুধু শিক্ষকদের নয়, অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্তান নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে কি না, বাড়িতে পড়াশোনা করছে কি না এবং তার আচরণ ও চলাফেরা কেমন এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
বক্তারা আরও বলেন, ক্লাসে অনিয়মিত উপস্থিতি ও পড়াশোনায় অমনোযোগিতা কমাতে শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ এবং কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়।
সমাবেশে সময়ের সঠিক ব্যবহার, শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়েও আলোচনা হয়। পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
আজকের সিলেট/ জেকেএস
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 








