সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোসনা হত্যা মামলায় জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লা এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি জগন্নাথপুরে নিখোঁজ হন প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোসনা। পরদিন ১৭ ফেব্রুয়ারি স্থানীয় একটি ফার্মেসির ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের ভাই হেলাল আহমদ বাদী হয়ে জিতেশ চন্দ্র গোপসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালত মামলার প্রধান আসামি জিতেন্দ্র চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন বলেন, প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে জিতেন্দ্র চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ে তাঁরা সন্তুষ্ট।
আজকের সিলেট/ জেকেএস
সুনামগঞ্জ প্রতিনিধি 








