সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হামের উপসর্গে সিলেট বিভাগে মোট ১১ শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছেন একজন।
সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ শিশুর মধ্যে একজন সিলেটের গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকার ৮ মাস বয়সী তাহা এবং অপরজন সুনামগঞ্জের জগন্নাথপুরের সাদিপুর এলাকার ১ বছর ৬ মাস বয়সী ওয়াজিহা আক্তার। তারা দুজনই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৮১ জনের শরীরে ল্যাব কনফার্ম সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৭ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৩২ জন এবং সিলেট জেলায় ২৬ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জনকে সন্দেহজনক হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২২ জন ভর্তি হয়েছেন শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। বর্তমানে বিভাগজুড়ে মোট ১৭২ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৩ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১৮ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৫ জন রয়েছেন। অন্যান্য উপজেলা ও বেসরকারি হাসপাতালেও রোগীরা ভর্তি রয়েছেন।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








