জঙ্গি হামলার শঙ্কায় ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ PM

জঙ্গি হামলার শঙ্কায় ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭/০৪/২০২৬ ০৫:৪৪:৫৪ PM

জঙ্গি হামলার শঙ্কায় ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা জোরদার


দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোমবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক ঢাকায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জঙ্গি হামলার আশঙ্কায় বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের কথা জানান। 

এদিকে আগামী শনিবার (২ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর ঘিরেও ইতোমধ্যে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশে সকাল থেকে বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে সামনে রেখেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। 

এর আগে গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সতর্কবার্তায় বলা হয়, ‘নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা’ জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে পারে।

ওই বার্তায় নির্দিষ্ট করে কোনো উগ্রবাদী সংগঠনের নাম বলা হয়নি। তবে সম্প্রতি ওই সংগঠনের ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর