পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশ ফোর্সের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সদর উপজেলার কোর্টরোড, চৌমোহনা, টিসিমার্কেটসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, ফলের ব্যবসায়ী প্রতিষ্ঠানে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, আজকের তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চৌমোহনার মাহদী ফ্রেশ ফুডকে ২ হাজার টাকা, নূরজামান ফল ভান্ডারকে ১ হাজার টাকা, টিসি মার্কেটের হাসান ভ্যারাইটিজ স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্যমূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।
আজকের সিলেট/জেএন/ডি/এসটি
মৌলভীবাজার প্রতিনিধি 








