সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যার আশঙ্কা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০৯ PM

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৪/২০২৬ ০৬:২৪:০৬ PM

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যার আশঙ্কা


দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। 

মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবোর পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা এবং উজান এলাকায় ইতোমধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন এ অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এ অবস্থায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদী, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু-খোয়াই নদীর পানি সমতল আগামী তিন দিনে ক্রমাগত বাড়তে পারে। বিশেষ করে তৃতীয় দিনে সুরমা, কুশিয়ারা, খোয়াই, জুড়ি নদী এবং এসব নদীর প্রধান উপনদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে প্রাক-মৌসুমি বিপদসীমা অতিক্রম করতে পারে।

এর ফলে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে পাউবো।

অন্যদিকে, ধনু-বাউলাই ও ভুগাই-কংস নদীগুলোর পানিও আগামী তিন দিনে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিনে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ভুগাই-কংস নদী এবং এর উপনদীগুলোর পানি দ্রুত বেড়ে সতর্কসীমা স্পর্শ করতে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর