সিলেটে ৫টিতে নৌকা, একটিতে কেতলী এগিয়ে
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৩ AM

লাইভ আপডেট

সিলেটে ৫টিতে নৌকা, একটিতে কেতলী এগিয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০১/২০২৪ ০৬:৩৮:৩৬ AM

সিলেটে ৫টিতে নৌকা, একটিতে কেতলী এগিয়ে


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গননা চলছে। প্রতিটি সংসদীয় আসনে থেকে সংশ্লিষ্ট প্রার্থীদের নির্বাচনী এজেন্ট মাধ্যমে ভোটের ফলাফল আসতে শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে আওয়ামীলীগের দলীয় প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন, আর ১টিতে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে রয়েছেন।

এগিয়ে থাকা প্রার্থীরা হলেন- সিলেট ১ আসনে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন, সিলেট ২ আসনে সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট ৩ আসনে বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট ৪ আসনে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, সিলেট ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দিন চৌধুরী ও সিলেট ৬ আসনে বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।

এখন পর্যন্ত বেসরকারী ভাবে নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত ভোটের ফলাফল- নৌকার ধারেকাছে নেই কেউ

সিলেট-১
সিলেট-১ (সদর-সিটি কর্পোরেশন) আসনে মোট ২১৫টি কেন্দ্রের মধ্যে ৬টির ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে ৩৭২৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন (নৌকা)।

আর বাকি ৪ প্রার্থী মিলে পেয়েছেন ৯৩ ভোট।

সিলেট-২
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে মোট ১২৮ টি কেন্দ্রের মধ্যে ১২ টির ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে ৩৩৯৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন আওয়ামীলীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী (নৌকা)।

তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান (ট্রাক) পেয়েছেন ১৪১৪ ভোট।

সিলেট-৩
সিলেট ৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্চ, বালাগঞ্জ) আসনের মোট ভোট কেন্দ্র ১৫১ টি। এরমধ্যে ৩৬ টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিব (নৌকা) ২৩ হাজার ৯৪৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের স্বতন্ত্রপ্রার্থী ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল (ট্রাক) পেয়েছেন ১০ হাজার ৭০৮ ভোট।

সিলেট-৪
সিলেট ৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ) আসনে মোট ভোট কেন্দ্র ১৬৯টি। এর মধ্যে ১৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামীলীগের প্রার্থী ও প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ (নৌকা) ২০৮১৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্ধি তৃণমূল বিএনপি প্রার্থী মো. আবুল হোসেন (সোনালী আশ) পেয়েছেন ২৫১ ভোট।

সিলেট-৫
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের ১৫৮টি কেন্দ্রের মধ্যে ১২৪ টির ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে স্বতন্ত্র প্রার্থী ও আঞ্জুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী (কেতলী) ৪১ হাজার ৪৯০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুক উদ্দিন আহমদ (নৌকা) পেয়েছেন ২৪ হাজার ৪০৩ ভোটভোট।

সিলেট-৬ আসনে নাহিদের জয়
সিলেট ৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ) আসনে মোট কেন্দ্র সংখ্যা ১৯২টি। এর মধ্যে ১৯২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি নুরুল ইসলাম নাহিদ (নৌকা) ৫৮ হাজার ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন (ঈগল) পেয়েছেন ৩৯ হাজার ৩৮৭  ভোট।

ইতিমধ্যে সিলেট জেলার ৬টি আসনে মোট ৭ জন প্রার্থী বিভিন্ন অভিযোগে ভোট বর্জন করেছেন। তারা হলেন- সিলেট-২ আসনের গণফোরামের প্রার্থী ও বর্তমান এমপি মোকাব্বির খান (উদীয়মান সূর্য), জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া (লাঙ্গল), বিশ্বনাথ পৌর মেয়র স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান (ট্রাক),  তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব (সোনালী আঁশ), সিলেট ৩ আসনে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ও জাপার প্রার্থী আতিকুর রহমান আতিক এবং সিলেট ৪ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেন।

উল্লেখ্য, সিলেট জেলা ৬টি সংসদীয় আসনে ভোটের মাঠে ছিলেন ৩৫জন প্রার্থী। এর মধ্যে ২জন সংবাদ সম্মেলন করে সরে যাওয়ায় মুল লড়াইয়ে ছিলেন ৩৩ জন।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর