সুনামগঞ্জের তাহিরপুরে একটি বহুতল ভবন নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম আহসানুল মিয়া (১৬)। সে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আলী রহমানের ছেলে। আহসানুল বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষা শেষ করে ফলাফলের অপেক্ষায় ছিল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ মধ্যহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আরও এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হন। তবে আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, কামড়াবন্দ মধ্যহাটি গ্রামে একটি নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাহিরপুর পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম মোহাম্মদ আলাউল হক সরকার বলেন, পল্লী বিদ্যুতের ১১ কেবি ভোল্টেজের মেইন লাইনের পাশেই তিনতলা এই ভবনটি নির্মাণের কাজ হচ্ছিল। কাজ চলাকালীন মালিকপক্ষ থেকে লাইন বন্ধ করার জন্য আমাদের কোনো অনুরোধ করা হয়নি। এমনকি ভবনে নির্মাণ কাজের বিষয়টিও তারা আমাদের আগে থেকে অবগত করেননি।
অন্যদিকে, নির্মাণাধীন ভবনটির মালিক সাজু আহমেদ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে বলেন, পল্লী বিদ্যুতের এই মেইন লাইনটি সরানোর জন্য চার মাস আগেই আমরা লিখিত আবেদন করেছিলাম। কিন্তু অফিস বিষয়টি আমলে নেয়নি। তাদের গাফলতির কারণেই আজ এমন দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদনের প্রস্তুতি নিচ্ছে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








