গোপন কথা চেপে রাখতে পারেন না?
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪৩ AM

গোপন কথা চেপে রাখতে পারেন না?

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৬ ০৯:২৮:৩৫ AM

গোপন কথা চেপে রাখতে পারেন না?


এমন কোনও কথা আপনার কানে এল, যা কাউকে বলা যাবে না। আপনি প্রতিশ্রুতিও দিলেন, ‘কাকপক্ষীতেও টের পাবে না! কিন্তু কিছু সময় যেতেই অস্বস্তি শুরু হলো। মনে হতে লাগল, কাউকে না বললে যেন শান্তি মিলছে না। শেষ পর্যন্ত আর চেপে রাখতে না পেরে অন্য কাউকে বলে ফেললেন সেই গোপন কথাই।

এই অভিজ্ঞতা অনেকের কাছেই পরিচিত। কিন্তু কেন এমন হয়? কেন কেউ কেউ গোপন কথা সহজে চেপে রাখতে পারেন না?

মনোবিজ্ঞান বলছে, এর পেছনে রয়েছে মানসিক চাপ, আবেগের দ্বন্দ্ব এবং নিজের ভেতরের অস্বস্তি। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন মনোবিদরা।

তাদের মতে, গোপন কথা চেপে রাখা মানে শুধু চুপ করে থাকা নয়, এটি এক ধরনের মানসিক ভারও তৈরি করে। কারও গোপন কথা জানার অর্থ হলো একটি দায়িত্ব বহন করা। কেউ যদি সেই দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারেন, তাকে ভরসাযোগ্য মনে করা হয়। আর যিনি পারেন না, তার প্রতি আস্থাও কমে যেতে পারে।

মনোবিদের জানালেন, অনেক সময় মানুষ একইসঙ্গে দুটি বিপরীত অনুভূতির মধ্যে পড়ে যান। একদিকে তিনি কথাটি গোপন রাখতে চান, অন্যদিকে সেটি অন্য কারও সঙ্গে ভাগ করে নেওয়ার প্রবল ইচ্ছা তৈরি হয়। মনোবিজ্ঞানে এই অবস্থাকে বলা হয় ‘কগনিটিভ ডিসোন্যান্স’।

উদাহরণ হিসেবে, ধরুন দু’জন মানুষ সম্পর্কে রয়েছেন। একজন চান সম্পর্কটি গোপন থাকুক, অন্যজন আনন্দের খবরটি কাছের মানুষদের সঙ্গে ভাগ করে নিতে চান। কিন্তু সঙ্গীর ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে চুপ থাকছেন। এই টানাপড়েনই মানসিক অস্বস্তি তৈরি করে।

বিশেষজ্ঞদের বলছেন, কোনও গোপন বিষয় নিয়ে দীর্ঘ সময় ভাবতে থাকলে তা দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলতে পারে। বাড়তে পারে উদ্বেগ, অপরাধবোধ এবং মানসিক চাপ। অনেকের কাছে এই চাপ সামলানো কঠিন হয়ে পড়ে। ফলে মনের ভার কমাতেই তারা কাউকে না কাউকে কথাটি বলে ফেলেন।

গোপন কথা বলে ফেলার পর অনেকেই এক ধরনের স্বস্তি অনুভব করেন। কারণ তখন আর নিজেকে আটকে রাখতে হয় না। নিজের ভেতরের দ্বন্দ্বও কিছুটা কমে যায়।

বিশেষজ্ঞরা সতর্কও করছেন। আবেগের বশে সব কথা সবার সঙ্গে ভাগ করে নেওয়া ঠিক নয়। হঠাৎ বলা কোনও গোপন কথা সম্পর্কের ক্ষতি করতে পারে বা নতুন সমস্যার জন্ম দিতে পারে। তাই কোথায়, কাকে এবং কতটা বলা উচিত, সেই সচেতনতা থাকাও জরুরি।

মনোবিদদের মতে, মনকে হালকা রাখতে বিশ্বস্ত কারও সঙ্গে কথা বলা যেমন প্রয়োজন, তেমনি নিজের ও অন্যের নিরাপত্তা ও বিশ্বাসের জায়গা রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর