বলিউডের প্রথম ১০০ কোটির ক্লাব ছোঁয়া নায়িকা আজ কোথায়?
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:১৮ PM

বলিউডের প্রথম ১০০ কোটির ক্লাব ছোঁয়া নায়িকা আজ কোথায়?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৮/০৬/২০২৬ ০৯:২৯:৩১ AM

বলিউডের প্রথম ১০০ কোটির ক্লাব ছোঁয়া নায়িকা আজ কোথায়?


মাত্র ৩০ বছর বয়সে খ্যাতির মধ্যগগনে দাঁড়িয়ে অভিনয় জগৎকে বিদায় জানিয়েছিলেন অভিনেত্রী অসিন থত্তুমকল। আজ বলিউডে ‘১০০ কোটির ক্লাব’ শব্দটি সচারাচর শোনা গেলেও ইতিহাসের প্রথম কাণ্ডারি ছিলেন অসিন।

এক দশকেরও বেশি সময় ধরে লাইমলাইটের বাইরে থাকা এই দক্ষিণী ও বলিউড সুন্দরীর ক্যারিয়ার গ্রাফ আজও ভারতীয় সিনেমার অন্যতম এক ম্যাজিক স্টোরি।

২০০৮ সালে যখন আমির খানের ‘গজনী’ ঝড় তুলেছিল, তখন চারিদিকে আলোচনা ছিল আমিরের সিক্স প্যাক বডি এবং ক্রিস্টোফার নোলানের ‘মেমেন্টো’ সিনেমা থেকে অনুপ্রাণিত টানটান রিভেঞ্জ প্লট নিয়ে। কিন্তু সেই হাই-ভোল্টেজ অ্যাকশনের মাঝেও যে চরিত্রটি দর্শকদের মন ছুঁয়েছিল, তা হলো চনমনে ও দয়ালু মডেল ‘কল্পনা’।

অসিনের সাবলীল অভিনয়ই ছিল এই ট্র্যাজিক লাভ স্টোরির মূল চালিকাশক্তি। সিনেমা মুক্তির পর সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে ‘গজনী’ ভারতের প্রথম হিন্দি সিনেমা হিসেবে ঘরোয়া বক্স অফিসে ১০০ কোটি টাকার মাইলফলক স্পর্শ করে। আর প্রথম সিনেমাতেই ভারতবাসীর ঘরের মেয়ে হয়ে ওঠেন অসিন।

‘গজনী’ সিনেমার সাফল্যের পর অসিন রাতারাতি বলিউডের প্রথম সারির নায়িকাদের কাতারে চলে আসেন। এরপর তিনি একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দেন। এর মধ্যে রয়েছে- সালমান খানের সঙ্গে ব্লকবাস্টার ‘রেডি’, অক্ষয় কুমারের সঙ্গে ‘হাউসফুল ২’ ও ‘খিলাড়ি ৭৮৬’ এবং অজয় দেবগনের সঙ্গে ‘বোল বচ্চন’।

তবে অনেকেই ভেবেছিলেন অসিন হয়তো বলিউডের এক নতুন নবাগত প্রতিভা। কিন্তু তিনি মাত্র ১৫ বছর বয়স থেকে তামিল, তেলুগু এবং মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছিলেন। দক্ষিণে সুরিয়া (মূল গজনী ও পেরাজাগান), থালাপথি বিজয় (শিবকাশি ও পোক্কিরি), অজিত কুমার (ভারালারু), চিয়ান বিক্রম (মাজা)-এর মতো মেগাস্টারদের পাশাপাশি মহেশ বাবু ও পবন কল্যাণের মতো অভিনেতাদের সঙ্গে ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছিলেন তিনি।

তবে ২০১৫ সালে অভিষেক বচ্চনের সঙ্গে ‘অল ইজ ওয়েল’ ছিল অসিনের ক্যারিয়ারের শেষ সিনেমা। ২০১৬ সালের জানুয়ারি মাসে তিনি ‘মাইক্রোম্যাক্স’-এর সহ-প্রতিষ্ঠাতা ব্যবসায়ী রাহুল শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মজার বিষয় হলো, তাদের এই সম্পর্কের অনুঘটক বা ঘটক ছিলেন অসিনের সহ-অভিনেতা অক্ষয় কুমার নিজেই।

বিয়ের পর অন্যান্য অভিনেত্রীরা যেখানে কামব্যাকের চেষ্টা করেন, অসিন সেখানে সম্পূর্ণ উল্টো পথে হাঁটেন। স্বামী, সন্তান ও সংসারকে সময় দিতে মাত্র ৩০ বছর বয়সেই অভিনয় দুনিয়াকে সম্পূর্ণ বিদায় জানান তিনি। ২০১৭ সালে এই দম্পতির কোল আলো করে আসে কন্যাসন্তান আরিন রেন।

বর্তমানে সামাজিকমাধ্যম এবং লাইমলাইট থেকে দূরে থেকে বিলাসবহুল জীবনযাপন করছেন অসিন। ২০২৬ সালের জানুয়ারি মাসেই এই তারকা দাম্পত্য জীবনের সফল ১০ বছর পূর্ণ করেছেন। নিজেদের দশম বিবাহবার্ষিকীতে স্ত্রী অসিনের উদ্দেশ্যে একটি আবেগঘন পোস্টও করেছিলেন রাহুল শর্মা, যা সামাজিকমাধ্যমে বেশ আলোচিত হয়েছিল।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর