আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট হুংবোর সঙ্গে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শ্রম অধিকার, সামাজিক ন্যায়বিচার, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই শ্রম ব্যবস্থাপনা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ একমত হন।
জেনেভায় অনুষ্ঠিত এ বৈঠকে শ্রমমন্ত্রী শোভন কাজ (Decent Work), সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় আইএলওর নেতৃত্ব ও অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি গণতন্ত্র, মানবাধিকার এবং শ্রম অধিকারের প্রতি বাংলাদেশের সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি জাতীয় আইন ও নীতিমালাকে আন্তর্জাতিক শ্রমমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সরকারের চলমান উদ্যোগের বিষয়েও আইএলও মহাপরিচালককে অবহিত করেন।
বৈঠকে মন্ত্রী আইএলওর ‘গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিস’ উদ্যোগকে স্বাগত জানান এবং বৈশ্বিক সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বিশেষভাবে প্রান্তিক জনগোষ্ঠীর উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশে আইএলওর সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান।
আরিফুল হক চৌধুরী জানান, বাংলাদেশ এ পর্যন্ত ৩৯টি আইএলও কনভেনশন অনুসমর্থন করেছে এবং এশিয়ার প্রথম দেশ হিসেবে সকল মৌলিক আইএলও কনভেনশন অনুসমর্থনের স্বীকৃতি অর্জন করেছে। তিনি শ্রম খাত সংস্কার, শ্রম অধিকার সংস্কার কমিশন গঠন, ত্রিপক্ষীয় প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠন এবং জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (এনটিসিসি)-এর মাধ্যমে শ্রম আইন সংশোধনের অগ্রগতি তুলে ধরেন।
এ সময় বাংলাদেশের বিরুদ্ধে দায়েরকৃত Article 26 মামলার ইতিবাচক ও সমঝোতাপূর্ণ নিষ্পত্তির প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
বৈঠকে শ্রমমন্ত্রী আইএলও মহাপরিচালককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং দেশের চলমান শ্রম খাত সংস্কার কার্যক্রম, ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ এবং শ্রমিক কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সরেজমিনে পরিদর্শনের আহ্বান জানান।
আইএলও মহাপরিচালক গিলবার্ট হুংবো বাংলাদেশের শ্রম খাতে চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের সঙ্গে আইএলওর দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রশংসা করেন। তিনি বাংলাদেশ সফরের আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান এবং সম্ভাব্য সফরের বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমন্বয় অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যবৃন্দ এবং জেনেভা মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/এপি
আজকের সিলেট ডেস্ক 








