গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ দুবাই শাখার নতুন কমিটি গঠন
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫৩ PM

গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ দুবাই শাখার নতুন কমিটি গঠন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৬ ০২:৪২:৫০ PM

গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ দুবাই শাখার নতুন কমিটি গঠন


গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) শাখার ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় জুম প্ল্যাটফর্মে এক ভার্চুয়াল আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত গোয়াইনঘাটের প্রবাসী সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আহ্বায়ক কমিটির সদস্য সচিব শাহাবুদ্দিনের সঞ্চালনায় এবং রিয়াজ আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রফেসর আলিম উদ্দিন ২০২৬-২০২৭ সেশনের নবগঠিত কার্যকরী কমিটির ঘোষণা দেন। ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুছা আল আকবর, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন।

কমিটি ঘোষণার পর বক্তারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ শুধু একটি সামাজিক সংগঠন নয়, বরং প্রবাসীদের সুখ-দুঃখের বিশ্বস্ত ঠিকানা। দীর্ঘদিন ধরে সংগঠনটি প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা নজরুল ইসলাম নাহিম বলেন, একটি সংগঠনের প্রকৃত শক্তি তার ঐক্য, ত্যাগ এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মধ্যে নিহিত। তিনি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং প্রবাসীদের কল্যাণে সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ শাহিন বলেন, প্রবাসীদের কল্যাণ ও সামাজিক উন্নয়নে সংগঠনটির অবদান অত্যন্ত প্রশংসনীয়। নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নবগঠিত কার্যকরী কমিটির প্রচার সম্পাদক আদিল আহমদ স্বাগত বক্তব্যে উপস্থিত অতিথি, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন কামাল উদ্দিন, যুক্তরাজ্যপ্রবাসী ইকবাল হোসেন, ডেনমার্কপ্রবাসী জামাল উদ্দিন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, শফিকুর রহমান ও গোলাম কিবরিয়াসহ বিভিন্ন দেশের প্রবাসী নেতৃবৃন্দ ও সদস্যরা।

বক্তারা বলেন, দুবাইয়ে কয়েক হাজার গোয়াইনঘাটবাসী প্রবাসী বসবাস করলেও সংগঠনের সদস্যসংখ্যা এখনও তুলনামূলক কম। তাই নতুন সদস্য সংগ্রহ, প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রম সম্প্রসারণে নতুন কমিটিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের একপর্যায়ে সদ্য প্রয়াত হাজী আইয়ুব উল্লাহ, আব্দুল আহাদ বাবুল এবং মাস্টার মোশাররফ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় তাঁদের পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করা হয়।

সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি মুছা আল আকবর সকল সদস্য, উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই দায়িত্ব কোনো সম্মান নয়, বরং একটি আমানত। সকলকে সঙ্গে নিয়ে ঐক্য, সততা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি নতুন সদস্য সংগ্রহ, প্রবাসীদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং মানবিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।

দীর্ঘ আলোচনা, মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ, ইউএই শাখা আগামী দিনে আরও সুসংগঠিত, শক্তিশালী ও প্রবাসীবান্ধব সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর