রাফিনিয়ার জায়গায় যাঁর ওপর ভরসা রাখছেন আনচেলত্তি
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৯ PM

রাফিনিয়ার জায়গায় যাঁর ওপর ভরসা রাখছেন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৬ ০৪:০০:৫৭ PM

রাফিনিয়ার জায়গায় যাঁর ওপর ভরসা রাখছেন আনচেলত্তি


চোটের গ্যাঁড়াকল যেন ব্রাজিলের নিয়তি! মাঠের বাইরে নেইমারের ফেরার অপেক্ষা যখন ফুরোনোর পথে, তখনই দলের ওপর চোটের নতুন থাবা। হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে ওলট-পালট হয় কার্লো আনচেলত্তির পরিকল্পনা; চোট পেয়ে ছিটকে যান রাফিনিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বার্সেলোনার এই তারকা উইঙ্গারের জায়গায় কে খেলবেন—সেই নতুন সমীকরণ মেলাতেই এখন যত জল্পনা-কল্পনা ব্রাজিলিয়ান শিবিরে।

বাংলাদেশ সময় আজ ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। একই সময়ে হবে ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে মাঠে নামবে মরক্কো-হাইতি। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুইয়ে মরক্কো। আর ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে স্কটল্যান্ড। 

স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেই নকআউট নিশ্চিত হবে ব্রাজিলের। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে এই ম্যাচে জয়ের সঙ্গে তাকিয়ে থাকতে হবে মরক্কোর দিকেও। মরক্কো ও ব্রাজিল দুই দলই যদি নিজ নিজ ম্যাচে জয় পায় তবে গোল ব্যবধানে এগিয়ে থাকা দল হবে গ্রুপসেরা। অবশ্য স্কটল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নানা প্রশ্নের ভিড়ে ব্রাজিল কোচ আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—গ্রুপের অন্য ম্যাচ (মরক্কো বনাম হাইতি) নিয়ে মাথা না ঘামিয়ে তাঁর পুরো ফোকাস থাকবে শুধুই নিজেদের ম্যাচের ওপর।

আনচেলত্তি বলেন, ‘স্বাভাবিকভাবেই আমরা মরক্কোর ম্যাচ নিয়ে ভাবছি না। আমাদের পুরো মনোযোগ থাকবে নিজেদের ম্যাচের ওপর, যা আমাদের খুব ভালোভাবেই খেলতে হবে। হাইতি ম্যাচের ভুলত্রুটিগুলো শুধরে এই ম্যাচে আরও উন্নতি করার চেষ্টা থাকবে আমাদের। স্কটল্যান্ড দল হিসেবে বেশ গোছানো। গ্রুপে আরও সুবিধাজনক অবস্থানে যাওয়ার ভালো সুযোগ রয়েছে তাদের সামনে।’

ইতালিয়ান কোচের মতে, সেলেসাওরা বর্তমানে একটি ধারাবাহিক উন্নতির প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং এই বিশ্বকাপে নিজেদের সেরা ফুটবলটা উপহার দেওয়ার সব রকম রসদই এখন এই দলের কাছে রয়েছে। আনচেলত্তি মনে করেন, এই ম্যাচে জয় পেতে হলে দ্বিতীয় রাউন্ডে হাইতির বিপক্ষে প্রথমার্ধে দল যে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল, ঠিক সেটাই মাঠে ফিরিয়ে আনতে হবে ব্রাজিলকে।

আনচেলত্তি বলেন, ‘হাইতির বিপক্ষে প্রথমার্ধে আমরা যেভাবে খেলেছিলাম, ঠিক সেই ধারাই বজায় রাখার চেষ্টা করতে হবে। বল পায়ে আক্রমণের গতি বাড়াতে হবে, পাসিংয়ে নিখুঁত হতে হবে এবং যেকোনো মূল্যে ভুলত্রুটি এড়িয়ে চলতে হবে। এটাই হবে আমাদের মূল কৌশল। অনুশীলনে ছেলেরা দিন দিন উন্নতি করছে, এবং আমার বিশ্বাস মাঠের পারফরম্যান্সের এই গ্রাফ সামনের দিনগুলোতে আরও ওপরের দিকেই যাবে।’

স্কটল্যান্ড যে ছেড়ে কথা বলবে না, তা-ও মনে করিয়ে দিলেন ব্রাজিল কোচ। প্রতিপক্ষকে বিশ্লেষণ করতে গিয়ে ব্রাজিলের এই ইতালিয়ান মাস্টারমাইন্ড বলেন, ‘স্কটল্যান্ড শারীরিকভাবে বেশ শক্তিশালী একটি দল, এবং মাঠে তাদের কৌশল একদম পরিষ্কার। তারা সাধারণত প্রথাগত ৪-৪-২ ফরমেশনে খেলে থাকে এবং লং-বল ও ক্রস দেওয়ার ওপর বড্ড বেশি নির্ভর করে। ম্যাচের এই দিকটা আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে।’

এদিকে ইনজুরিতে পড়া রাফিনিয়ার বিকল্প হিসেবে কে খেলবেন—তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন আনচেলত্তি, খোলেননি মুখের কুলুপ। এমনকি বিশ্বকাপে ইতিমধ্যে যে খেলোয়াড়রা হলুদ কার্ড দেখেছেন, তাঁদেরকে বেঞ্চে বসিয়ে বিশ্রামে রাখার কোনো ভাবনাই তাঁর মাথায় নেই, ‘সেরা কম্বিনেশনের দল নিয়ে একটা দারুণ ম্যাচ খেলা ছাড়া আমাদের মাথায় এই মুহূর্তে অন্য কোনো চিন্তা নেই; আক্রমণভাগের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। রাফিনিয়ার জায়গায় কে খেলবেন, তা নিয়ে আমাদের স্পষ্ট পরিকল্পনা রয়েছে। কার্ডের খাঁড়ার কথা মাথায় রেখে দল নামানোর কোনো সুযোগই নেই।’ 

কার্ডের প্রসঙ্গ উড়িয়ে দিয়ে আনচেলত্তি এরপর তরুণ তুর্কি রায়ানের নাম উল্লেখ করেন, ‘রাফিনিয়ার হিসেবে নেমে রায়ান বেশ ভালো খেলেছিল। এই পজিশনে ওর মানিয়ে নেওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে। আমার স্কোয়াডে আরও কয়েকজন খেলোয়াড় আছে যারা এই সিস্টেমে খেলতে পারে; তবে আমরা যদি উইংয়ের পুরোটা ব্যবহার করতে চাই, তবে রায়ান সেটা দারুণভাবে করতে পারবে।’

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর