ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৯ PM

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ১০:৫৪:২৪ AM

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া


নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ ১২৬ রানের লক্ষ্য দেয়। মাত্র ১৩ ওভারেই ২ উইকেট হারিয়ে সেই লক্ষ্য পেরিয়ে যায় অস্ট্রেলিয়া নারী দল। ওপেনার বেথ মুনিরের বিধ্বংসী ব্যাটিংয়ে ৮ উইকেটের সহজ জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ী দল।

মঙ্গলবার ওভালে ক্যারিবীয় মেয়েদের দেওয়া ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতে জর্জিয়া ভল ১১ বলে ১৬ রান করে ফেরেন। এরপরও ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি অজি মেয়েরা। মাঝে ফিবি লিচফিল্ড ৪ রান করে আউট হন এবং এলিস পেরি ৭ বলে ২ রান করার পর চোটের কারণে 'রিটায়ার্ড হার্ট' হয়ে মাঠ ছাড়েন।

তবে অবিচল ছিলেন বেথ মুনি। দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৩৬ বলে অপরাজিত ৬১ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চার। অন্যপ্রান্তে অ্যাশলেই গার্ডনারও ঝড় তোলেন। মাত্র ২০ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন তিনি। তাদের দুজনের অবিচ্ছিন্ন ৩৭ বলে ৬৩ রানের জুটিতে ১৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন চিনেল হেনরি ও অধিনায়ক হেইলি ম্যাথিউস।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়লেও শেষদিকে ডিয়েন্ড্রা ডটিনের ঝোড়ো ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় ক্যারিবীয়রা।

ইনিংসের শুরুতে অধিনায়ক হেইলি ম্যাথিউস ২৮ বলে ৩০ রান করে সর্বোচ্চ জুটি গড়ার চেষ্টা করেন। কিয়ানা জোসেফ ১৬ ও শেমেইন ক্যাম্পবেল ২২ রান করলেও কেউ বড় ইনিংস খেলতে পারেননি। শেষদিকে ডটিন মাত্র ১৬ বলে অপরাজিত ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেন। তার ব্যাটেই ১২৫ রানের সংগ্রহ দাঁড় করায় ক্যারিবীয়রা।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে দারুণ ছিলেন অ্যাশলেই গার্ডনার, জর্জিয়া ওয়ারহ্যাম ও সোফি মলিনিউক্স। তিনজনই দুটি করে উইকেট নেন। এছাড়া অ্যানাবেল সাদারল্যান্ড শিকার করেন একটি উইকেট।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর