একাধিকবার মুক্তি পিছিয়ে যাওয়ার পর অবশেষে বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও সুপারস্টার থালাপতি বিজয়ের আলোচিত সিনেমা ‘জননায়গন’। সিনেমাটির প্রথম দিনের প্রথম শো ঘিরে তামিলনাড়ুর বিভিন্ন প্রেক্ষাগৃহে অনুরাগীদের উত্তেজনা, আনন্দের ছবি উঠে এসেছে।
এদিন ভোর থেকেই সিনেমা হলের বাইরে ভিড় জমাতে শুরু করেন ভক্তরা। ঢাক-ঢোল, নাচ-গান, বাজি পোড়ানো, বিজয়ের সিনেমার বড় কাট-আউট নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, চেন্নাইয়ের কোয়েম্বত্তূরের ‘রোহিনী’ থিয়েটারের সামনে সকাল থেকেই ছিল দীর্ঘ লাইন পড়ে। হল চত্বরে বিজয়ের বিশাল পোস্টার ও কাট-আউট সাজিয়ে অভিনেতাকে অভিনব উপায়ে শুভেচ্ছা জানান তার সমর্থকরা। বহু জায়গায় দুধ ঢেলে নায়কের পূজা করতেও নাকি দেখা গেছে।
বড়পর্দায় প্রিয় তারকাকে শেষবার দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি কেউ। অনেকেই বিভিন্ন বার্তা লেখা টি-শার্ট পরে প্রেক্ষাগৃহে হাজির হন। চেন্নাইয়ের একটি অঞ্চলে রথের আদলে সাজানো বিশেষ যানবাহনের মাধ্যমে সিনেমাকে স্বাগত জানানো হয়। আবার এক অনুরাগী নিজের বিলাসবহুল গাড়ির গায়ে বিজয়ের বিশাল ছবি এঁকে নজর কাড়েন।
এর আগে চলতি মাসেই সমাজিকমাধ্যমে নতুন পোস্টার প্রকাশ্যে এনে সিনেমার নতুন মুক্তির দিন ঘোষণা করেছিলেন বিজয়। সেই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে উন্মাদনা আরও বাড়তে থাকে।
সিনেমাটি পরিচালনা করেছেন এইচ বিনোদ। বিজয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নায়িকা পূজা হেগড়ে, ববি দেওল, প্রকাশ রাজ, প্রিয়ামণি, গৌতম বাসুদেব মেনন, মামিতা বাইজুর মতো তারকারা।
আজকের সিলেট/ডি/এসটি
বিনোদন ডেস্ক 








