রামজান হয়ে ওঠুক পাথেয়ের মাধ্যম
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫২ AM

রহমতের দশকের অষ্টম দিন

রামজান হয়ে ওঠুক পাথেয়ের মাধ্যম

শাহিদ হাতিমী

প্রকাশিত: ১৯/০৩/২০২৪ ০৩:৪৮:১৮ AM

রামজান হয়ে ওঠুক পাথেয়ের মাধ্যম


রামজানের আবহ আসমান জমিনে সর্বত্র ছড়িয়ে পড়ে। অতিবাহিত হচ্ছে রহমতের দশকের ৮ম রোজা। বিশ্ব মুসলিম বিশেষ ইবাদত বন্দেগিতে মগ্ন হয়ে মাহে রামজানের দিনগুলো অতিবাহিত করছেন। কেননা মুমিনের বসন্তকাল হচ্ছে রামজান। রামজান হয়ে ওঠুক আমাদের জন্য রবের অপার রহমত ও বরকতে ভরপুর। ৮ম রোজায় যে দোয়াটি পাঠযোগ্য- হে আল্লাহ! তোমার উদারতার উসিলায় এ দিনে আমাকে এতিমদের প্রতি দয়া করার, ক্ষুধার্তদের খাদ্য দান করার, শান্তি প্রতিষ্ঠা করার ও সৎ ব্যক্তিদের সাহায্য লাভ করার তৌফিক দাও।

এছাড়া, হাদিস শরীফে আরো এসেছে, হযরত আবু হুরায়রা রা. বলেন, রাসুল সা. বলেছেন, যখন রমজানের প্রথম রাত আসে শয়তান ও অবাধ্য জিনদের শৃঙ্খলে আবদ্ধ করা হয়। দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। অতঃপর এর কোনো দরজাই খোলা হয় না। বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অতপর এর কোনো দরজাই বন্ধ করা হয় না।

রমজানের ফজিলত সম্পর্কে  বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রা. থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, নবী করীম সা. বলেছেন, রমজানের জন্য বেহেশত সাজানো হয় বছরের প্রথম থেকে পরবর্তী বছর পর্যন্ত। তিনি বলেন, যখন রমজান মাসের প্রথম দিন উপস্থিত হয় বেহেশতের গাছের পাতা হতে আরশের নিচে বড় বড় চোখ বিশিষ্ট হুরদের প্রতি বিশেষ হাওয়া প্রবাহিত হয়। তখন তারা বলে, হে পালনকর্তা! আপনার বান্দাহদের মধ্য হতে আমাদের জন্য এমন স্বামী নির্দিষ্ট করুন যাদের দেখে আমাদের চোখ জুড়াবে এবং আমাদের দেখে তাদের চোখ জুড়াবে।

রামজান মাসে সিয়াম-সাধনা তথা রোজাব্রত পালনের মাধ্যমে মানুষ নিজের সমুদয় জাগতিক কামনা-বাসনা পরিহার করে আত্মসংযমের জীবন যাপন করে এবং ষড়রিপুকে দমন করে মহান আল্লাহর একনিষ্ঠ অনুগত বান্দাহ হওয়ার সামর্থ্য অর্জন করে। এ মাসেই নাজিল হয়েছে মানবতার মুক্তির দিশারী পবিত্র আল কুরআন।

তাই মহান আল্লাহ তায়ালা বলেছেন: “নিশ্চয়ই আমরা এটা (কুরআন) মহিমান্বিত রজনীতে অবতীর্ণ করেছি, কিসে তোমাকে অবহিত করল মহিমান্বিত রজনী কী? মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ”। শবেকদর বা লাইলাতুল কদরের সাথে আমরা অনেকেই পরিচিত, কিন্তু এই রাত কাজে লাগাই কতটুকু! (চলবে)

লেখক : জৈষ্ঠ সহ সম্পাদক, আজকের সিলেট ডটকম।

সিলেটজুড়ে


মহানগর