বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ শুধু অভিনয় নয়, নাচ ও কমেডি দিয়েও দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। পর্দায় তার প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের হাসিয়েছে, আনন্দ দিয়েছে। তবে ব্যক্তিজীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে এই অভিনেতাকে। এমনকি মায়ের মৃত্যুর পর একসময় এতটাই ভেঙে পড়েছিলেন যে আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন তিনি। প্রায় ৩০ বছর পর জীবনের সেই কঠিন সময়ের কথা প্রকাশ্যে আনলেন গোবিন্দ। সম্প্রতি এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবন ও ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে কথা বলেছেন এই অভিনেতা। সাক্ষাৎকারের প্রচারঝলকে উঠে এসেছে তার জীবনের সেই অজানা অধ্যায়ের কথা।
গোবিন্দ জানান, মাকে হারানোর পর তিনি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন। জীবন সম্পর্কে তার আগ্রহও অনেকটাই হারিয়ে গিয়েছিল। একপর্যায়ে নর্মদা নদীতে নেমে পড়েন তিনি। তখন তার মনে হয়েছিল, জীবন শেষ করে দেওয়াই হয়তো একমাত্র পথ।
গোবিন্দ বলেন, একটা সময় মায়ের জন্য হয়েছিল। কিন্তু যখন যাচ্ছিলাম, তখন মনে হয়েছিল, এখন সবকিছু শেষ। আমি মা নর্মদার মধ্যে চলে গিয়েছিলাম। মনে হচ্ছিল, কিছু দূরে গেলে হয়তো মাকে পাব। তবে সেই মুহূর্তেই সন্তানদের কথা মনে পড়ে যায় তার। এরপর নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন অভিনেতা। গোবিন্দ বলেন, তারপর হঠাৎ মনে হলো, না, আমাকে তো আমার শিশুদের জন্য বাঁচতে হবে। সাক্ষাৎকারে তাকে সরাসরি প্রশ্ন করা হয়, সেই সময় তিনি কি আত্মহত্যার চেষ্টা করেছিলেন? জবাবে গোবিন্দ বলেন, হ্যাঁ, সে সময় কিছু একটা, সেটাই হয়ে গিয়েছিল।
মায়ের মৃত্যুর পরের সময়টিকে নিজের জীবনের অত্যন্ত কঠিন অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন গোবিন্দ। দীর্ঘদিন পর সেই অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনায় নতুন করে আলোচনায় এসেছে তার জীবনের এই অজানা গল্প।
এদিকে বেশ কিছুদিন ধরে গোবিন্দের ব্যক্তিজীবন নিয়েও নানা আলোচনা চলছে। স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রকাশ্যে এসেছে। সুনীতাকে বিভিন্ন সময় গোবিন্দের ব্যক্তিজীবন ও সম্পর্ক নিয়ে মন্তব্য করতেও দেখা গেছে। তবে এসব বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেতা।
তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে ব্যক্তিজীবনের আলোচিত বিষয়গুলোর পাশাপাশি গোবিন্দের জীবনের এক কঠিন অধ্যায়ও সামনে এসেছে। মায়ের মৃত্যুর শোকে একসময় জীবন শেষ করে দিতে চাইলেও শেষ পর্যন্ত সন্তানদের কথা মনে করে সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসেন তিনি।
আজকের সিলেট/ জেকেএস
বিনোদন ডেস্ক 








