বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সিলেট নগরীর বাসিন্দারা। গত কয়েকদিন ধরে দিন-রাত সমানতালে নগরীর বিভিন্ন এলাকায় লোডশেডিং হচ্ছে। কোনো কোনো এলাকায় এক ঘণ্টা পরপর এক ঘণ্টা, আবার কোথাও টানা দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ করেছেন নগরবাসী।
তীব্র গরমের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় দুর্ভোগ বেড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু ও বয়স্করা। বাসাবাড়ির পাশাপাশি দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও অফিসের কার্যক্রমেও ব্যাঘাত ঘটছে। অনলাইনে কাজ করা ব্যক্তি ও শিক্ষার্থীরাও নানা সমস্যার মুখে পড়ছেন।
নগরীর বাগবাড়ি এতিম স্কুল রোডের বাসিন্দা রাতুল বলেন, দিনে এক ঘণ্টা বিদ্যুৎ থাকলেও পরের ঘণ্টা দুই ঘণ্টা থাকে না। দিন-রাতে যে কতবার বিদ্যুৎ চলে যায়, তার কোনো ঠিক নেই। দিনে তো নেয়ই, রাতে ১০টা, ১টা কিংবা ২টায়ও বিদ্যুৎ নিয়ে নেয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিশুরা বেশি কষ্ট পায়।
আরেক স্কুল শিক্ষার্থী অভিযোগ করে বলেন, একদিকে পড়ালেখা এখন কঠিন হয়েছে। অন্যদিকে আমরা পড়তে বসলে বিদ্যুৎতের যন্ত্রণায় পড়তে পাড়ি না। একের পর এক সমস্যা পুহাতে হচ্ছে আমাদের। গরমেও জীবন অতিষ্ট হয়ে গেছে
নগরবাসীর অভিযোগ, কোনো নির্দিষ্ট সময়সূচি ছাড়াই বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গরমের মধ্যে ঘুম ও বিশ্রামেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
একজন রিকশা চালক বললেন, আমরা কই যাইতাম। দিনে প্রচন্ড রোদ রাতে বাসায় বিদ্যুৎ প্রতি ঘন্টায় যায়। আমাদের যাওয়ার জায়গা নেই। বিদ্যুৎতের এই সমস্যা সমধান না হলে আমাদের বাঁচা বড়ই কঠিন হয়ে দাঁড়িছে।
ঘন ঘন লোডশেডিংয়ের এই পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে-এখন সেটিই নগরবাসীর প্রশ্ন। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন তারা।
আজকের সিলেট/এপি









