সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) সংসদ সদস্য (এমপি) নাসির উদ্দিন চৌধুরীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।
মঙ্গলবার রাত ৭টা ১৯ মিনিটে ‘চলমান পরিস্থিতিতে সমঝোতার উদ্যোগ গ্রহণ প্রসঙ্গ’ বিষয় উল্লেখ করা চিঠির এ তথ্য জানিয়েছে ‘শিশির মনির মিডিয়া সেল’ নামের ফেসবুক পেজ। যেখানে শিশির মনিরের ফেসবুক অ্যাকাউন্ট টেগ করা হয়েছে।
চিঠিটি কালবেলা পাঠকদের জন্য নিচে হুবহু দেওয়া হলো।
আমি জানি এই চিঠি পড়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার মতো শারীরিক/মানসিক অবস্থা আপনার নাই। তথাপি আপনার প্রিয়জনরা হয়ত আপনাকে অবগত করবেন।
বিষয়টি ছিল একান্তই আপনার পারিবারিক। কিন্তু বর্তমানে আর পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশজুড়ে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। যেখানেই যাই মানুষ আমাদের জিজ্ঞাসা করে জানতে চায়। কারণ আমি দিরাই-শাল্লার মানুষ। এটি আমাদের সম্মিলিত লজ্জা। এ বয়সে আপনাকে নিয়ে এগুলো হওয়ার কথা না। আপনার লজ্জা আর আমাদের লজ্জা মিলেমিশে একাকার। আপনি আমাদের নির্বাচিত নেতা। তাই আমরা যার পর নাই উদ্বিগ্ন।
আপনি কত মানুষের সমস্যার সমাধান করেছেন, আর আজ আপনিই আলোচনার কেন্দ্রবিন্দু।
তাই বিষয়টি আর বাড়তে দেওয়া ঠিক হবে না। এখানেই ইতি টানুন। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে নেন। এই প্রত্যাশায়।
আজকের সিলেট/এপি









