স্ত্রীর স্বীকৃতি না দেওয়া পর্যন্ত প্রেমিকের বাড়ি ছাড়বেন না তরুণী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১৪ PM

স্ত্রীর স্বীকৃতি না দেওয়া পর্যন্ত প্রেমিকের বাড়ি ছাড়বেন না তরুণী

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৮/২০২৬ ০৩:২২:২৭ PM

স্ত্রীর স্বীকৃতি না দেওয়া পর্যন্ত প্রেমিকের বাড়ি ছাড়বেন না তরুণী


হবিগঞ্জের লাখাইয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশনে বসেছেন এক তরুণী। বৃহস্পতিবার উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামে রায়হান উদ্দিনের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন তিনি। শুক্রবার সকালেও তার অনশন অব্যাহত ছিল।

ওই তরুণীর দাবি, প্রায় দুই বছর আগে মোবাইল ফোনে রায়হান উদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়। এরপর নিয়মিত ফোনালাপের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সম্পর্ক ঘনিষ্ঠ হলে রায়হান তাকে বিয়ে করে সংসার করার আশ্বাস দেন। পরে তাকে ঢাকার চানখারপুল এলাকার একটি বাসায় নিয়ে যান। সেখানে তারা প্রায় এক সপ্তাহ অবস্থান করেন। এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়।

তরুণী জানান, পরে রায়হান তাকে ঢাকার একটি সড়কে রেখে চলে যান। এরপর তিনি রায়হানের বাড়িতে এসে উপস্থিত হন। স্ত্রী হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

মুড়িয়াউক ইউনিয়নের ইউপি সদস্য নুরে আলম বলেন, বৃহস্পতিবার দুপুরে ওই তরুণী রায়হানের বাড়িতে এসে অনশনে বসেন। শুক্রবারও তিনি সেখানে অবস্থান করছেন। বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও রায়হানের পরিবার রাজি না হওয়ায় মীমাংসা সম্ভব হয়নি। বৃহস্পতিবার বিষয়টি থানায় জানানো হয়েছে। তবে পুলিশ অভিযোগ দেওয়ার কথা জানিয়েছে। তরুণীর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে তাকে থানায় নিয়ে যাওয়া হবে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। শুক্রবার সকালে স্থানীয় একজন ফোন করে ঘটনাটি জানিয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর