সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে এ রোগের উপসর্গ নিয়ে নতুন করে ১১৯ জন ভর্তি হয়েছেন। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
নতুন করে দুইজনের মৃত্যু হওয়ায় বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩৩ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক, আর বাকি সবাই শিশু। এদের মধ্যে সিলেট জেলার ৪৮ জন, সুনামগঞ্জের ৫৫ জন, মৌলভীবাজারের ১৩ জন এবং হবিগঞ্জের ১৭ জন রয়েছেন। এদিকে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ২৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্তমানে আক্রান্তদের প্রায় ৯৫ শতাংশই অসচেতনতা ও কুসংস্কারের কারণে টিকার আওতার বাইরে ছিল। পাশাপাশি সিলেটের সীমান্তবর্তী এলাকা ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পৌঁছাতে না পারায় এসব এলাকায় আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি।
স্বাস্থ্য বিভাগের মতে, হামের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় বা ‘লগ ফেজ’ ইতোমধ্যে পার হয়েছে। তবে রোগটির উপসর্গ ও প্রকৃতিতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
আজকের সিলেট/ জেকেএস









