সিলেট-তামাবিল মহাসড়কে একটি মিনি পিকআপ উল্টে ফয়েজ আহমদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ আরও ২-৩ আহত হয়েছেন।
নিহত ফয়েজ কানাইঘাট উপজেলার হারাতৈল উপর বড়াই গ্রামের মাওলানা হোসাইন আহমেদের ছেলে।
জানা যায়, জাফলংগামী মিনি পিকআপটি জৈন্তাপুরের উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই পিকআপটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে গাড়িতে থাকা ফয়েজ আহমদ, চালকসহ আরও ২-৩ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষনিকভাবে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়েজ আহমদকে মৃত ঘোষণা করেন। এবং বাকী আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট-তামাবিল হাইওয়ে থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, শুক্রবার দিবাগত রাতে একটি একটি মিনি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
জৈন্তাপুর প্রতিনিধি 








