সিলেটের বিশ্বনাথে হাঁস শিকার করতে এসে একটি লোহার খাঁচায় আটকা পড়েছে মেছো বাঘ। শুক্রবার সকালে উপজেলার লামাকাজি ইউনিয়নের দুর্লভপুর গ্রামের সাহিদ আলীর হাঁসের খামারে পাতানো ফাঁদে প্রাণীটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্লভপুর গ্রামের সাহিদ আলী দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে হাঁসের খামার পরিচালনা করে আসছেন। কিছুদিন ধরে খামার থেকে নিয়মিত হাঁস নিখোঁজ হচ্ছিল। ধারণা করা হচ্ছিল, কোনো বন্য প্রাণী রাতে খামারে ঢুকে হাঁস শিকার করছে। পরে হাঁসগুলো রক্ষার জন্য খামারঘরের পেছনে একটি লোহার খাঁচা বসিয়ে ফাঁদ তৈরি করেন তিনি। বৃহস্পতিবার রাতেও প্রতিদিনের মতো খাঁচাটি ফাঁদ হিসেবে রেখে দেওয়া হয়। শুক্রবার সকালে হাঁস শিকার করতে এসে মেছো বাঘটি ওই খাঁচার মধ্যে আটকা পড়ে।
খামারের মালিক সাহিদ আলী বলেন, দীর্ঘদিন ধরে হাঁস খেয়ে ফেলায় আমার অনেক আর্থিক ক্ষতি হচ্ছিল। বাধ্য হয়ে খামারের পেছনে ফাঁদ পেতে রাখি। অবশেষে আজ সকালে মেছো বাঘটি ধরা পড়ে।
মেছো বাঘ আটকা পড়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ সেটি দেখতে খামারে ভিড় করেন। পরে বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও সিলেট বন বিভাগকে জানানো হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
বিশ্বনাথ প্রতিনিধি 








