সুনামগঞ্জে পিডিবির ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের ৩৩ কেভি ইনকামিং সোর্স লাইনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের কারণে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এ তথ্য জানিয়েছে।
পিডিবি সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুনামগঞ্জ শহর ও শহরতলীর পিডিবির আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এ বিষয়ে পিডিবির সুনামগঞ্জ অফিসের ফেসবুক পেজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে গ্রাহকদের বিষয়টি জানানো হয়েছে।
পিডিবির জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সুনামগঞ্জের আওতাধীন ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের ৩৩ কেভি ইনকামিং সোর্স লাইনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ করা হবে। এ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বিউবো সুনামগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ, পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমাদ বলেন, ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের ৩৩ কেভি ইনকামিং সোর্স লাইনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের মেরামত জরুরি হয়ে পড়েছে। এ কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধা হবে। এ জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। বিকেল ৪টার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
প্রসঙ্গত, সুনামগঞ্জ পৌর শহর ও আশপাশের এলাকায় পিডিবির প্রায় ৩৫ হাজার গ্রাহক রয়েছেন। এর মধ্যে আবাসিক গ্রাহক ২৬ হাজার ২৮৩ জন, বাণিজ্যিক ৪ হাজার ২৮৯ জন, ক্ষুদ্র ও কুটির শিল্পের ২৬২ জন। এছাড়া অনাবাসিক মন্দির, মসজিদ, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ২৯৭টি। এর বাইরে কৃষিসহ অন্যান্য শ্রেণির গ্রাহকও রয়েছেন।
আজকের সিলেট/ জেকেএস
আজকের সিলেট ডেস্ক 








