সিলেটের জৈন্তাপুরে ১০২ বোতল বিদেশি মদসহ মো. শাহরিয়ার আহমেদ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত শাহরিয়ার গোয়াইনঘাট উপজেলার নয়াখেল এলাকার বাসিন্দা ইসমাইল আলি পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটগামী একটি বালুবাহী ড্রাম ট্রাককে হরিপুর পুলিশ চেকপোস্টে থামার সংকেত দেওয়া হয়। এ সময় ট্রাকে থাকা দুজনের একজন দৌড়ে পালিয়ে যান। পরে অপরজনকে আটক করে পুলিশ। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে এবং ট্রাকের নিচে মাদক পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বার থেকে ১০২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদের মধ্যে রয়েল স্ট্যাগ, আইকোনিক গ্রিন ও রয়েল গ্রিন ব্র্যান্ডের মদ রয়েছে। প্রতিটি বোতলে ৭৫০ মিলিলিটার করে মদ রয়েছে। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬ হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজল দাস। এ সময় থানার অন্যান্য পুলিশ সদস্যরা তার সঙ্গে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ভারতীয় সীমান্ত পার করে পাচারের উদ্দেশ্যে বিশেষ কৌশলে ট্রাকের মাধ্যমে মদগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় আটক ব্যক্তি ও পলাতক ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজকের সিলেট/ জেকেএস
জৈন্তাপুর প্রতিনিধি 








