হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় আন্দিউড়া আল-জামিয়া মোহাম্মাদিয়া মদিনাতুল উলুম মাদরাসার উদ্যোগে মাদরাসা প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। তাদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করে।
জগদীশপুর হাই স্কুল ও কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক সৈয়দ মুদরিকুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আবুল কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দিউড়া আল-জামিয়া মোহাম্মাদিয়া মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষা সচিব মো. রজব আলী, ইটাখোলা ফাজিল মাদরাসার প্রভাষক ও পশ্চিম আন্দিউড়া শেখ বাড়ি জামে মসজিদের খতিব আতাউল্লাহ বিন সানাউল্লাহ, সাবেক ধর্মীয় শিক্ষক মো. ফারুক মিয়া, মো. লাবু মিয়া, আমজাদ হোসেন চৌধুরী, মাওলানা মুফতি আব্দুল আলীম, জাহাঙ্গীর আলম, ধর্মীয় শিক্ষক মো. নাজিম উদ্দিন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহীন মিয়া, তাজুল ইসলাম, সাবেক বিজিবি কমান্ডার ও অত্র মাদরাসার শিক্ষক মো. ফারুক আহমেদ চৌধুরীসহ অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এবার জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীরা হলেন, শেখ মাহিম, ঝলক দেব, ঝর্ণা বেগম, বিষ্ণু প্রিয়া সরকার, সাজিয়া আফরিন নিহা ও মুহতাসিম করিম চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে তাদের মেধা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, আদর্শ ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।
মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডা. নজরুল ইসলাম বলেন, কৃতি শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে তাদের আরও উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সহযোগিতা করা হবে।
আজকের সিলেট/ জেকেএস
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








