শাকসু নির্বাচন স্থগিতের ৭ মাস, ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৩ PM

শাকসু নির্বাচন স্থগিতের ৭ মাস, ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ০২:০২:৩০ PM

শাকসু নির্বাচন স্থগিতের ৭ মাস, ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিত হওয়ার সাত মাস পেরিয়ে গেলেও নতুন করে নির্বাচন আয়োজনের কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে এবার আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা।

রোববার (২৩ আগস্ট) রাতে ‘শাকসু পুনরুদ্ধার আন্দোলন’ নামে কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে গঠিত একটি প্লাটফর্মের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা ছিল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং নির্বাচিত প্রতিনিধিত্বশীল ছাত্র সংসদ নিশ্চিত করা। দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর শাকসু নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতা ও সময়ক্ষেপণের কারণে শিক্ষার্থীরা এখনো তাদের কাঙ্ক্ষিত নির্বাচন থেকে বঞ্চিত।

শিক্ষার্থীদের দাবি, সর্বশেষ একটি রিটের কারণে নির্বাচনের আগের দিন শাকসু নির্বাচন ২৮ দিনের জন্য স্থগিত করা হয়েছিল। ওই সময়সীমা শেষ হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো সুস্পষ্ট বা দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা, হতাশা ও উদ্বেগ তৈরি হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে শাকসু নির্বাচনকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের বিষয় নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে। ক্যাম্পাসের ক্রিয়াশীল সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা দ্রুত নির্বাচনের অনিশ্চয়তা কাটাতে চান বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শিক্ষার্থীরা তিনটি দাবি তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে দ্রুত শাকসু নির্বাচন আয়োজনের জন্য সুস্পষ্ট ও সময়বদ্ধ রোডম্যাপ প্রকাশ, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিয়ে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা এবং অযৌক্তিক কালক্ষেপণ না করে দ্রুত নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে শাকসুর গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে ক্যাম্পাসের সব ক্রিয়াশীল সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথাও জানিয়েছেন তারা।

শাকসু নির্বাচনের জিএস পদপ্রার্থী ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, হাইকোর্ট চার সপ্তাহের সময় দিলেও দুঃখজনকভাবে সেই সময়সীমা শেষ হওয়ার পরও নির্বাচন নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তারা প্রশাসনের সঙ্গে শাকসু নির্বাচন নিয়ে আলোচনায় বসতে চাইলেও গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, এভাবে নির্বাচনকে নিষ্ক্রিয় করে রাখার চেষ্টা করা হচ্ছে বলে তারা মনে করছেন। তাই আর কোনো কালক্ষেপণ না করে দ্রুত দৃশ্যমান উদ্যোগ চান তারা।

প্রসঙ্গত, চলতি বছরের ২০ জানুয়ারি শাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্বাচনের আগের দিন ১৯ জানুয়ারি একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করেন। এরপর সাত মাস পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন শাকসু নির্বাচন আয়োজন করতে পারেনি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর