শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলসংলগ্ন আবাসিক এলাকার রিপন ছাত্রাবাসে র্যাগিংয়ের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, গত ১০ আগস্ট রাতে র্যাগিংয়ের অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. বেলাল হোসেন সিকদার।
কমিটির সদস্যরা হলেন, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ওমর ফারুক, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ শোয়াইব। এছাড়া পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. সাদেকিনকে সদস্যসচিব করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদনক্রমে জারি করা ওই আদেশে তদন্ত কমিটিকে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে অভিযোগের তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
শাবি প্রতিনিধি 








