মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৮ PM

মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ০৩:০৯:২৪ PM

মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ


হবিগঞ্জের মাধবপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ত্রাণের চাল, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি উপজেলার পাঁচটি চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বসতঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদি হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি।

অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৪৩ জন কৃষকের প্রত্যেককে ত্রাণের চাল ও নগদ ৩ হাজার টাকা করে দেওয়া হয়। এছাড়া পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারকে ১৪ বান ঢেউটিন ও মোট ৪২ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।

এ সময় বক্তব্য দেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সহসভাপতি ও শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী এবং মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির।

প্রধান অতিথির বক্তব্যে এস এম ফয়সল এমপি বলেন, “আপনারা আমাকে খাদেম হিসেবে নির্বাচিত করেছেন। আমি আপনাদের সম্পদ আপনাদের মাঝে সুষমভাবে বণ্টন করব। সরকারের বয়স মাত্র ছয় মাস। একটু ধৈর্য ধরতে হবে, উন্নয়ন হবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমি এই মুহূর্তে সব সমস্যার সমাধান করব—এ কথা বলছি না। তবে পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ।”

পরে দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বসতঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

এ কর্মসূচির আওতায় উপজেলার পাঁচটি চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ৮টি বসতঘর, ৩৯টি বাইসাইকেল ও ২৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া প্রাথমিক পর্যায়ে ১২৯টি, মাধ্যমিক পর্যায়ে ৭৭টি এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে ৫২টি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এসব কর্মসূচির মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে সরকারি সহায়তা তুলে দেওয়া হয়।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর