সিলেট বিভাগে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। হাসপাতালগুলোতে একদিনের ব্যবধানে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৯ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৫৪ জন। একই সময়ে সন্দেহভাজন হাম রোগে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬১ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন। এছাড়া রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১৮ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩৯৯ জন সন্দেহভাজন হাম রোগীর মধ্যে সবচেয়ে বেশি রোগী রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সেখানে চিকিৎসা নিচ্ছেন ১৬৪ জন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ১২৫ জন। এছাড়া রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ৭ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১৮ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসা নিচ্ছেন।
রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটেছে। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগে মারা গেছেন দুইজন। মৃতদের একজন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরজন হবিগঞ্জের এক বছর দুই মাস বয়সী শিশু। শিশুটির মৃত্যু হয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৩১ জনের শরীরে নিশ্চিত হাম রোগ শনাক্ত হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছেন।
হাম পরিস্থিতির সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে সিলেটে ৫৭ জন, হবিগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জন মারা গেছেন। সব মিলিয়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে সিলেট বিভাগে এ পর্যন্ত ১৫৪ জনের মৃত্যু হয়েছে।
প্রতিদিন বিপুলসংখ্যক সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৫৪ জনের নতুন করে হাসপাতালে ভর্তি এবং দুইজনের মৃত্যুর ঘটনা পরিস্থিতির অবনতির বিষয়টি আরও স্পষ্ট করেছে।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪০০-এর কাছাকাছি পৌঁছেছে। ফলে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের চিকিৎসা দিতে হাসপাতালগুলোর ওপর চাপও বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাপনা আরও জোরদার করা জরুরি হয়ে পড়েছে।
আজকের সিলেট/ জেকেএস









