সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলির আদেশ পেলেও এখনো নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগ দেননি ডা. সুবর্ণা রায় তুলি। গত ১৮ আগস্ট থেকে প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে তার দায়িত্ব গ্রহণের বিষয়টি সম্পন্ন হয়নি।
নতুন কর্মকর্তা যোগ না দেওয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের প্রশাসনিক কাজের পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রমেও নানা সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মাঠকর্মীরা। বিশেষ করে তদারকি, দাপ্তরিক অনুমোদন ও প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশনা পেতে তাদের জটিলতার মুখে পড়তে হচ্ছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে জগন্নাথপুর হাসপাতালের পরিবার পরিকল্পনা কার্যালয়ে সরেজমিনে গিয়ে কর্মকর্তাকে পাওয়া যায়নি। এ সময় অফিস সহকারী নির্মল দেবনাথ জানান, ডা. সুবর্ণা রায় তুলি এখনো জগন্নাথপুরে যোগদান করেননি।
নির্মল দেবনাথ বলেন, ‘স্যার (সুর্বনা রায় তুলি) এখন পর্যন্ত আমাদের জগন্নাথপুর যোগদান করেননি। শুনেছি অর্ডার হয়েছে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডা. সুবর্ণা রায় তুলি এর আগে সিলেট সদর হাসপাতালে কর্মরত ছিলেন। নানা অভিযোগের পর তাকে ‘স্ট্যান্ড রিলিজ’ করে জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।
বদলির প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১৮ আগস্ট তার জগন্নাথপুরে যোগদানের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে নতুন কর্মস্থলে যোগ না দিয়ে তিনি গত ২৫ আগস্ট সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে যোগদান করেছেন বলে জানা গেছে।
এদিকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে দীর্ঘ সময় কর্মকর্তা না থাকায় নিয়মিত প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাঠকর্মীরাও তাদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও তদারকি নিয়ে সমস্যার কথা জানিয়েছেন।
তাদের ভাষ্য, কর্মকর্তা না থাকায় মাঠপর্যায়ের তদারকি, নিয়মিত দাপ্তরিক অনুমোদন, প্রশাসনিক নির্দেশনা এবং পরিবার পরিকল্পনা–সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রী ও সেবা নিশ্চিত করার ক্ষেত্রে নানা জটিলতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে দূরদূরান্তের সাধারণ মানুষ ও সেবাগ্রহীতাদের ওপরও। কাঙ্ক্ষিত সেবা থেকে অনেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি মাঠকর্মীদের।
পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত নবনিযুক্ত কর্মকর্তাকে জগন্নাথপুর কর্মস্থলে যোগদানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে ডা. সুবর্ণা রায় তুলির সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
জগন্নাথপুরে তার যোগদানের বিষয়ে সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা উপ সহকারী কর্মকর্তা তপন কান্তি গোষ বলেন, ‘সুর্বনা রায় তুলি আমাদের জেলা অফিসে যোগদান করেছেন। জগন্নাথপুরে তার যোগদান করার কথা রয়েছে। এখনো যদি তিনি সেখানে যোগদান না করেন তা আমরা খতিয়ে দেখছি।’
আজকের সিলেট/ জেকেএস
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








