সিলেটে হাম সন্দেহে হাসপাতালে ৪১৫ রোগী, একদিনে ভর্তি ১২১
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ PM

সিলেটে হাম সন্দেহে হাসপাতালে ৪১৫ রোগী, একদিনে ভর্তি ১২১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৯/২০২৬ ১২:৪৭:৩১ PM

সিলেটে হাম সন্দেহে হাসপাতালে ৪১৫ রোগী, একদিনে ভর্তি ১২১


সিলেট বিভাগে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ইতোমধ্যে ৪১৫ জনে পৌঁছেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগীর চাপ বাড়তে থাকায় কয়েকটি হাসপাতালে শয্যা সংকটের পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপরও বাড়তি চাপ তৈরি হয়েছে। বুধবার সিলেট স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ৬২ জনকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৪১ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৩ জনকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে, ১৪ জনকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে এবং একজনকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে বিভাগের মধ্যে সবচেয়ে বেশি হাম সন্দেহের রোগী চিকিৎসাধীন রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সেখানে ভর্তি আছেন ১৭৩ জন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ সংখ্যা ১৩০ জন।

এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৮ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২১ জন হাম সন্দেহে ভর্তি রয়েছেন। সব মিলিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক রোগীর সংখ্যা ৪১৫ জন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১ জন। এর মধ্যে সিলেটে ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জে আক্রান্তদের তালিকায় রুবেলার দুই রোগীও রয়েছেন।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৪১৫ জন সন্দেহজনক রোগীর মধ্যে সবচেয়ে বেশি চাপ দেখা যাচ্ছে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এই দুটি হাসপাতালে একসঙ্গে ৩০৩ জন সন্দেহজনক রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক হাম রোগে মোট ১৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে মারা গেছেন ১৪৪ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জন।

জেলাভিত্তিক হিসাবে সিলেটে সন্দেহজনক হাম রোগে ৫৭ জন ও নিশ্চিত হাম রোগে ৪ জনসহ মোট ৬১ জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে মারা গেছেন ২১ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫৯ জন।

২ সেপ্টেম্বর নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তারপরও বিপুলসংখ্যক সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

প্রতিদিন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি আগে থেকে ভর্তি থাকা রোগীদের চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে। ফলে হাসপাতালের শয্যা ও চিকিৎসাসেবার ওপর ক্রমেই বাড়ছে চাপ। এক দিনে ১২১ জনের নতুন করে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাও পরিস্থিতির তীব্রতার ইঙ্গিত দিচ্ছে।

রোগীর সংখ্যা আরও বাড়লে বিদ্যমান শয্যা ও চিকিৎসাসেবা সক্ষমতা নিয়ে চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে হাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের পাশাপাশি আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের চিকিৎসা নিশ্চিত করা এবং হাসপাতালগুলোর শয্যা ও চিকিৎসাসেবা সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর